ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় দুই শিশুর লুডু খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হামদু মিয়া (৫৩) পাইকপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে হামদু মিয়ার ছেলে নীরব (১১) ও আবুল ইসলামের ছেলে ইয়াসিন (১২) লুডু খেলাকে কেন্দ্র করে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় হামদু মিয়ার লাঠির আঘাতে ইয়াসিনের মাথায় গুরুতর আঘাত লাগে বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনার জের ধরে শনিবার সকালে আবুল ইসলামের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামদু মিয়ার বাড়িতে হামলা চালায়। হামলার একপর্যায়ে বল্লমের আঘাতে গুরুতর আহত হামদু মিয়া ঘটনাস্থলেই মারা যান। হামলায় তার আট বছর বয়সী ছেলে হাসানও গুরুতর আহত হয়।
সংঘর্ষে প্রতিপক্ষের লিটন মিয়া (৩৫), এরশাদ (৪০), রেজু বেগম, ফারুক মিয়া ও ইসলাম মিয়াসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত লিটন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, দুই শিশুর লুডু খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



