কক্সবাজারে সাংবাদিক আতাহার ইকবালের ইন্তেকাল

Printed Edition

কক্সবাজার অফিস

কক্সবাজার প্রেস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য বর্ষীয়ান সাংবাদিক আতাহার ইকবাল (৭৪) আর নেই। তিনি মঙ্গলবার রাত ১টায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তিনি স্ত্রী ও একমাত্র সন্তান রেখে গেছেন।

গতকাল বুধবার বাদ আসর কক্সবাজার শহরের বায়তুশ শরফ কমপ্লেক্স মসজিদ প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে কক্সবাজারের বিশিষ্ট ব্যক্তি, সাংবাদিক নেতা, শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বদিউল আলম, বর্তমান সভাপতি মাহবুবর রহমান ও একমাত্র সন্তান নাফিস আবিদ প্রিয়ম।

তিনি একাধারে সাংবাদিক, সঙ্গীতশিল্পী, বেতার উপস্থাপক সর্বোপরি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবেও তার যথেষ্ট খ্যাতি রয়েছে। ১৯৭২ সালে দৈনিক গণকণ্ঠের প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা জীবন শুরু করেন।

শোক প্রকাশ : সাংবাদিক আতাহার ইকবালের মৃত্যুতে কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবর রহমান ও সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী ও সাধারণ সম্পাদক এস এম জাফর গভীর শোক প্রকাশ করেছেন।