জিয়ো নিউজ
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অবস্থিত বিখ্যাত সাংস্কৃতিক প্রতিষ্ঠান জন এফ কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টসের ভবন থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম সরিয়ে ফেলেছেন কর্মীরা। দেশটির একটি ফেডারেল আদালত এই নামকরণকে ‘অবৈধ’ ঘোষণার পর শনিবার এই কাজ শুরু হয়।
কেনেডি সেন্টারের নির্বাহী পরিচালক ম্যাট ফ্লোকা আদালতে দাখিল করা এক নথিতে জানান, ভবন ও এর আশপাশে থাকা ট্রাম্পের নামসংবলিত সব সাইনবোর্ড সরিয়ে ফেলা হয়েছে। শনিবার দুপুর পর্যন্ত ভবনের বাইরের অংশে থাকা ট্রাম্পের নাম একটি সাদা ত্রিপল দিয়ে ঢেকে রাখা ছিল। নাম অপসারণের কাজ চলাকালে ভেতর থেকে জোরে শব্দ শোনা যাচ্ছিল। অনেক পথচারী কিছুক্ষণ দাঁড়িয়ে কাজটি পর্যবেক্ষণ করেন।
এর আগে কেন্দ্রের পরিচালনা পরিষদ শেষ মুহূর্তে আদালতের মাধ্যমে নাম অপসারণ ঠেকানোর চেষ্টা করলেও বিচারক সেই আবেদন খারিজ করে দেন। ফলে ট্রাম্প প্রশাসনের জন্য এটি একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। হোয়াইট হাউসে ফিরে আসার পর ট্রাম্প বিভিন্ন সরকারি স্থাপনা ও প্রতিষ্ঠানে নিজের নাম ও পরিচিতি যুক্ত করার যে উদ্যোগ নিয়েছিলেন, এই রায় তার বিপরীতে গেছে। শুক্রবার রাতে কেনেডি সেন্টারের বাইরে অনেক মানুষ জড়ো হয়েছিলেন। কর্মীরা যখন সাইনবোর্ড খুলতে মাচা স্থাপন করছিলেন, তখন উপস্থিত অনেকে উল্লাস প্রকাশ করেন। এ ছাড়া হাজারো মানুষ অনলাইনে সরাসরি সম্প্রচার দেখে ঘটনাটি অনুসরণ করেন।



