গার্দিওলার উত্তরসূরি হতে পারেন মারেস্কা

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ইংলিশ ফুটবলে এক যুগের অবসান ঘটতে যাচ্ছে। ম্যানচেস্টার সিটির ইতিহাসের সবচেয়ে সফল কোচদের একজন পেপ গার্দিওলা চলতি মৌসুম শেষে দায়িত্ব ছাড়তে যাচ্ছেন বলে জোর গুঞ্জন উঠেছে। আর তার উত্তরসূরি হিসেবে এগিয়ে রয়েছেন সাবেক চেলসি বস এনজো মারেস্কা। গত ১০ বছরে গার্দিওলার অধীনে ম্যানচেস্টার সিটি জিতেছে ২০টি ট্রফি, যার মধ্যে ১৭টিই বড় শিরোপা। প্রিমিয়ার লিগে ছয়বার চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে টানা চারবার লিগ জয়ের রেকর্ডও গড়ে সিটি। এ ছাড়া উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ ও প্রিমিয়ার লিগ জিতে ঐতিহাসিক ট্রেবলও অর্জন করে ক্লাবটি।

তবে এই সাফল্যের পাশাপাশি সিটির ওপর থাকা ১০০টির বেশি আর্থিক অনিয়মের অভিযোগও আলোচনায় রয়েছে। প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে ক্লাবটির বিরুদ্ধে তদন্ত চলমান। যদিও সিটি সব অভিযোগ অস্বীকার করে আসছে। স্বাধীন কমিশনের চূড়ান্ত রায় এখনো প্রকাশ হয়নি। ফলে গার্দিওলার সাফল্যের উত্তরাধিকারের ওপর এই বিতর্ক কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলে দেবে।

ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগামী মৌসুম থেকেই গার্দিওলার স্থলাভিষিক্ত হতে পারেন মারেস্কা। ইতালিয়ান এই কোচ এর আগে সিটির সহকারী কোচ হিসেবে কাজ করেছেন এবং ২০২২-২৩ মৌসুমের ট্রেবলজয়ী দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরে লেস্টার সিটিকে প্রিমিয়ার লিগে উন্নীত করেন তিনি। চেলসিতে একমাত্র পূর্ণ মৌসুমেই ক্লাব বিশ্বকাপ ও কনফারেন্স লিগ জেতানোর পাশাপাশি দলকে চ্যাম্পিয়ন্স লিগে তোলেন মারেস্কা। যদিও চলতি বছরের জানুয়ারিতে ক্লাবটির সাথে মতবিরোধের জেরে দায়িত্ব ছাড়েন তিনি। মারেস্কাকে নিয়ে গার্দিওলাও বেশ আশাবাদী। এর আগে তিনি বলেছিলেন, ‘এনজো বিশ্বের সেরা কোচদের একজন। চেলসিতে তার কাজ যথেষ্ট মূল্যায়ন পায়নি।’ তবে গার্দিওলার মতো কিংবদন্তির জায়গা নেয়া যে সহজ হবে না, তা বলাই বাহুল্য। আধুনিক ফুটবলের অন্যতম সফল যুগের পর নতুন অধ্যায়ে পা দিতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। আর সেই অধ্যায়ের নেতৃত্বে মারেস্কার নামই এখন সবচেয়ে জোরালোভাবে উচ্চারিত হচ্ছে।