মতলব উত্তর (চাঁদপুর) সংবাদদাতা
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিক্যাল প্যানেলের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন সহকারী অধ্যাপক ও আবাসিক সার্জন ডা: বশির আহম্মেদ খান হৃদয়। তিনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ঘনিয়ারপাড় গ্রামের কৃতী সন্তান। গত মঙ্গলবার বিসিবির প্রশাসনিক শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বিসিবির মেডিক্যাল প্যানেল খেলোয়াড়দের চিকিৎসাসেবা, ফিটনেস মূল্যায়ন, ইনজুরি ব্যবস্থাপনা এবং সার্বিক স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করতে এই প্যানেলের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত।
ডা: খান বর্তমানে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ড্যাব কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্বে রয়েছেন।
নিয়োগের বিষয়ে ডা: বশির আহম্মেদ বলেন, গুরুত্বপূর্ণ এই দায়িত্বে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং বিসিবির সভাপতি তামিম ইকবাল খানকে। তাদের আস্থা আমার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।



