চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাটের চিতলমারী উপজেলার ৮৪ নম্বর অশোকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁঁকিপূর্ণ ভবনে পাঠদান বন্ধ করে খোলা মাঠের এক পাশে গাছতলায় ক্লাস নেয়া হচ্ছে। শ্রেণিকক্ষে ছাদের পলেস্তরা খসে এক শিক্ষার্থী অল্পের জন্য রক্ষা পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, চরবানিয়ারী ইউনিয়নের এ বিদ্যালয়টি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত। ২০০০ সালে নির্মিত একতলা ভবনটিতে চারটি কক্ষ রয়েছে। দীর্ঘদিন ধরে কক্ষগুলোর ছাদে ফাটল দেখা দিয়েছে এবং নিয়মিত পলেস্তরা খসে পড়ছে।
গত ১৪ মে চতুর্থ শ্রেণির ছাত্রী ঋদ্ধি নাগের পাশে হঠাৎ ছাদের বড় একটি অংশ ভেঙে পড়ে। এতে সে অল্পের জন্য রক্ষা পায়। ঘটনার পর শিক্ষকরা দ্রুত তাকে কক্ষ থেকে বের করে আনেন। এরপর বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তপতি গোলদার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন। বর্তমানে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিদ্যালয় মাঠের গাছতলায় ক্লাস নেয়া হচ্ছে।
শিক্ষার্থী ও অভিভাবকেরা জানান, ঘটনার পর শিশুরা ভীত হয়ে পড়ছে। ঝুঁঁকিপূর্ণ কক্ষে তারা আর ক্লাস করতে চায় না। অভিভাবকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।
তপতি গোলদার বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ভবনের বারান্দায় ক্লাস নেয়ার পরামর্শ দিলেও সেটাও সম্ভব হচ্ছে না। তাই আপাতত খোলা মাঠেই পাঠদান চলছে।
চিতলমারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে বিকল্প উপায়ে পাঠদান চালিয়ে যেতে বলা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনটি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।



