শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আওতাধীন বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের আয়োজনে পাঁচ দিনব্যাপী ‘উদ্যোক্তা উন্নয়ন’ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টারে বিশেষ এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়। কোর্সের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: খায়রুল ইসলাম। আগামী ১৯ জুন পর্যন্ত এই কোর্সটি চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. মো: খায়রুল ইসলাম বলেন, ‘একজন সফল উদ্যোক্তা হওয়ার প্রথম শর্ত হলো ঝুঁকি নেয়ার সক্ষমতা। একাডেমিক নলেজ বা প্রাতিষ্ঠানিক জ্ঞান থাকলেই উদ্যোক্তা হওয়া যায় না, যদি না সঠিক মানসিকতা ও ঝুঁকি নেয়ার সাহস থাকে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: ইসমাইল হোসেন এবং বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ড. মো: ফরহাদ আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। এই প্রোগ্রামে কোর্স পরিচালক হিসেবে রয়েছেন বিসিকের প্রধান অনুষদ সদস্য ও শাবিপ্রবির সাবেক শিক্ষার্থী মোফাজ্জল হোসেন, সহযোগী অনুষদ সদস্য মনিরা মান্নান এবং রফিকুল ইসলাম। শাবিপ্রবি প্রতিনিধি।



