হাম উপসর্গে আরো ৪ শিশুর মৃত্যু

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

দেশে হামের উপসর্গ নিয়ে শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরো চার শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকায় এক শিশু এবং বাকি তিনজন সিলেটে মারা গেছে। একই সময় নতুন করে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৭৩ জন। এর মধ্যে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৯৭ শিশুর, আর উপসর্গ মিলেছে ৯৭৪ শিশুর। গতকাল স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে গতকাল পর্যন্ত সারা দেশে মোট ৭৮৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৫ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৮৯ জন।

একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে এক লাখ ১৬ হাজার ৭১০ শিশুর। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১৪ হাজার ৩১৮ শিশুর। মোট হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে এক লাখ ৩১ হাজার ২৮ শিশু। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৯ হাজার ২৪৯ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে ৯৫ হাজার ৫২৯ জন।

সিলেটে মৃত্যু ১০০ ছুঁই ছুঁই

সিলেট ব্যুরো জানায়, সিলেটে হাম উপসর্গে একদিনেই তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে এই বিভাগে মৃত্যুর সংখ্যা এখন ১০০ ছুঁই ছুঁই।

গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যাওয়া সাত মাসের শিশু কামরুল সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ও ১০ মাসের কৃষ্ণা মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা। এ ছাড়া শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যাওয়া নিহাদ আহমদ সিলেটের জকিগঞ্জ উপজেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে হামে ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জনে। এ দিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ল্যাব পরীক্ষায় কারো হাম শনাক্ত না হলেও এই সময়ে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৬৬ জন।

গতকাল এ হত্যা জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।