তিউনিসিয়ার নতুন কোচ হার্ভে রেনার্ড

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর হেড কোচের দায়িত্ব হারান সাব্রি লামুশি। সদ্য বিদায় নেয়া কোচের অধীনে খেলা শেষ ৫ ম্যাচের ৪টিতেই হেরেছিল তিউনিসিয়া। প্রীতিম্যাচে বেলজিয়ামের কাছে ৫ গোল আর বিশ্বকাপে প্রথম ম্যাচে সুইডেনের কাছে ৫ গোল হজম করে দলের মনোবল এখন তলানিতে। তাকে বিদায় করার এক দিন পরই নতুন কোচ নিয়োগ দিলো তিউনিসিয়া ফুটবল ফেডারেশন। এখন থেকে বিশ্বকাপে তিউনিসদের ডাগ আউটে থাকবেন ফ্রেঞ্চ মাস্টারমাইন্ড হার্ভে রেনার্ড।

তিউনিসিয়ান ফুটবল ফেডারেশন গতকাল নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে, ২০২৬ বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত আপাতত দলের দায়িত্ব সামলাবেন ৫৭ বছর বয়সী হার্ভে রেনার্ড। তবে চুক্তি এখানেই শেষ নয়। বিশ্বকাপ মিশন শেষ হওয়ার পর সুনির্দিষ্ট স্পোর্টিং অবজেক্টিভ বা পারফরম্যান্সের ওপর ভিত্তি করে দীর্ঘমেয়াদি চুক্তির ব্যাপারে পুনরায় আলোচনা করা হবে।

তিউনিসিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম টেলিভিশন তিউনিসিয়েন জানিয়েছে, আজ (গতকাল) বিকেলের মধ্যেই মেক্সিকোর মন্টেরিতে দলের বেস ক্যাম্পে এসে পৌঁছাবেন রেনার্ড এবং সরাসরি স্কোয়াডের সাথে যোগ দেবেন।

আফ্রিকান ফুটবলে এক কিংবদন্তির নাম হার্ভে রেনার্ড। জাম্বিয়া (২০১২) ও আইভরি কোস্টের (২০১৫) হয়ে দু’বার আফ্রিকা কাপ অব নেশন্স জেতার অনন্য রেকর্ড আছে তার। তবে বিশ্বমঞ্চে তিনি সবচেয়ে বড় হইচই ফেলেছিলেন ২০২২ কাতার বিশ্বকাপে। সেবার তার অধীনে থাকা সৌদি আরব গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই স্তব্ধ করে দিয়েছিল লিওনেল মেসির দল বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে (২-১ গোলে) হারিয়ে।