এএফপি ও বিবিসি
ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা শনিবার সৌদি আরবের বিরুদ্ধে পাল্টা জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে। তাদের অভিযোগ, সৌদি বাহিনী ইয়েমেনের বেসামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। এতে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ আরো বিস্তৃত আকার ধারণ করেছে।
হাউছি বিদ্রোহীরা সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান শহরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। শুক্রবার ইয়েমেনের হুদায়দাহ বন্দরনগরী ও কাছের কামারান দ্বীপে হাউছিদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় সৌদি আরব। তার জবাবেই জিজান শহরে হাউছিদের ওই হামলা। শনিবার ভোরে টেলিগ্রামে হাউছিদের চ্যানেল আনসারুল্লাহ মিডিয়ায় দাবি করা হয়, তাদের ক্ষেপণাস্ত্র হামলায় জিজান শহরের বিভিন্ন স্থানে আগুন লেগে গেছে।
হুদায়দাহ ও কামারান দ্বীপে সৌদি হামলার পর প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছিল হাউছিরা। সেই ঘোষণার পরই ক্ষেপণাস্ত্র হামলার দাবি এলো।
হামলার বিষয়ে সৌদি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে সৌদি কর্তৃপক্ষ ওই এলাকায় জরুরি সতর্কতা জারি করেছিল। হাউছিরা লোহিত সাগরে সৌদি জাহাজ চলাচলের ওপর অবরোধ আরোপের ঘোষণা দেয়ার পর চলতি সপ্তাহে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়, যা মে মাসের পর সর্বোচ্চ। তবে শুক্রবার বিকেলে দাম আবার কিছুটা কমে আসে।
চীনা কোম্পানির ভাড়া করা দু’টি সুপার ট্যাংকার শুক্রবার নিরাপদেই বাব আল-মান্দেব প্রণালী অতিক্রম করে। এর পর ব্রেন্ট তেলের দাম চার ডলারের বেশি কমে ব্যারেলপ্রতি ৯৬ ডলারে নেমে আসে। এ দিকে শুক্রবার ওমান উপসাগরে একটি তেলবাহী ট্যাংকারে গুলি চালিয়ে সেটিকে অচল করে দেয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।



