নাসিরনগরে প্রাথমিকের ৭৭ পদ শূন্য

Printed Edition

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে শিক্ষক সঙ্কট বিরাজ করছে। উপজেলার ১২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৩টি প্রধান শিক্ষক ও ৪৪টি সহকারী শিক্ষকের পদ শূন্য থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শূন্য থাকা পদগুলোর কারণে অনেক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদেরই প্রধান শিক্ষকের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে প্রশাসনিক কাজের পাশাপাশি পাঠদান কার্যক্রমও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

অভিভাবকদের অভিযোগ, শিক্ষক সঙ্কটের কারণে অনেক বিদ্যালয়ে একজন শিক্ষককে একাধিক শ্রেণীর পাঠদান করতে হচ্ছে। ফলে শিক্ষার্থীরা প্রয়োজনীয় মনোযোগ ও মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মৌলিক শিক্ষার ভিত্তি দুর্বল হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানান, দীর্ঘদিন ধরে পদোন্নতি ও নতুন নিয়োগ না হওয়ায় সঙ্কট আরো তীব্র হয়েছে। প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয় পরিচালনা ও প্রশাসনিক কার্যক্রমে নানা জটিলতা তৈরি হচ্ছে। একই সাথে সহকারী শিক্ষকের ঘাটতির কারণে শ্রেণীকক্ষে পাঠদানের মানও ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসহাক মিয়া বলেন, ‘শূন্য পদগুলো পূরণের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত নিয়োগ ও পদায়ন হলে শিক্ষা কার্যক্রম আরো গতিশীল হবে এবং শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা লাভের সুযোগ পাবে।’

শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল দ্রুত শূন্য পদগুলো পূরণের দাবি জানিয়েছেন। তাদের মতে, শিক্ষক সঙ্কট নিরসন ছাড়া প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং বিদ্যালয়গুলোর স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করা সম্ভব নয়।