সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

মাদক কারবারে বাধা দেয়ায় হামলা

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের রশিদ ডিলারের মোড় এলাকায় মাদক ব্যবসায় বাধা দেয়ায় মহল্লাবাসীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষুব্ধ লোকজন মাদকবিক্রেতা দুই সহোদর ভাইকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে তাদের দু’জনকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্তরা হলেন- রশিদ ডিলারের মোড় এলাকার আবুল হোসেনের ছেলে আশিকুর রহমান (২৩) ও আতিকুর রহমান (২০)। বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা।

নবীনগরে ২৮ ঘণ্টায় ৩ জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামে গত ২৮ ঘণ্টায় একই পরিবারের তিনজন মারা গেছে । জানা যায়, গত শনিবার গভীর রাতে কনিকাড়া জোড়হাটির সুরজ মিয়ার ছেলে মানিক মিয়া (৫৫) ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। শনিবার সকালে ১০টার দিকে সানু মিয়ার ছেলে আসলাম (৩৫) ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান সম্পর্কে এরা দুইজন চাচাতো ভাই রোববার ভোরে ফজরের নামাজ আদায় করে হৃদরোগ আক্রান্ত হয় হাজী আব্দুল জব্বারের ছেলে জলিল মিয়া (৬৫) মারা যান। মানিক, আসলাম ও জলিল মিয়া সম্পর্কে চাচা। নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা।

জামিনে বেরিয়েই বাদিকে প্রাণনাশের হুমকি

হানিট্র্যাপ চক্রের আজাহার খানকে পুনরায় গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীতে কাফনের কাপড় পরে ব্যতিক্রমী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের সচেতন নাগরিক সমাজের আয়োজনে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, হাজিরহাট এলাকার হানিট্র্যাপ চক্রের মূলহোতা আজাহার খানকে পুলিশ গ্রেফতার করার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সে জামিনে বের হয়ে আসে। কারামুক্ত হয়েই ক্ষিপ্ত আজাহার প্রকাশ্য দিবালোকে মামলার বাদিকে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে এবং মামলা তুলে না নিলে প্রাণনাশের চূড়ান্ত হুমকি দেয়। পটুয়াখালী প্রতিনিধি।

কাফনের কাপড় রেখে ৫ লাখ টাকা চাঁদা দাবি

মেহেরপুরের গাংনী উপজেলায় আবারো আতঙ্ক ছড়িয়েছে হাতবোমা, কাফনের কাপড় ও হুমকিসংবলিত চিরকুট উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। গতকাল উপজেলার হাড়াভাঙ্গা গ্রামের হাজিপাড়া এলাকায় ইউসুফ আলীর বাড়ির প্রবেশ পথ থেকে এসব উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ভোরে ইউসুফ আলীর মেয়ে বাড়ির প্রবেশ পথ পরিষ্কার করতে গিয়ে একটি পলিথিনে মোড়ানো বস্তু দেখতে পান। কাছে গিয়ে দেখেন, কাফনের কাপড়ের সাথে একটি চিরকুট বাঁধা রয়েছে। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা স্থানীয় ইউপি সদস্যকে খবর দেন। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে একটি হাতবোমা সদৃশ বস্তু, কাফনের কাপড় ও হুমকিসংবলিত চিরকুট উদ্ধার করে। ভবানিপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পলিথিনে মোড়ানো একটি হাতবোমা, কাফনের কাপড় ও চিরকুট উদ্ধার করে হেফাজতে নেয়া হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। গাংনী (মেহেরপুর) সংবাদদাতা।

তাহিরপুরে সীমান্তে লাশ উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকা থেকে আঙ্গুর আলী (৪২)নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রাজাই-বারেকটিলা সড়ক থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত আঙ্গুল মিয়া রাজাই গ্রামের মৃত মনছুর আলীর ছেলে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সীমান্ত সংলগ্ন রাজাই গ্রামের রাজাই মিশন স্কুলের পাশে বারিক্কার টিলা রাস্তার পাশে থেকে আংকুর মিয়ার মর দেহ পরে থাকতে দেখে। পরে ঘটনাটি জানাজানির উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়াসহ বাদাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নাজমুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে যাওয়ার পর লাশের পরিচয় শনাক্ত করে। তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা।

ভূঞাপুরে ১২ ভরি স্বর্ণালঙ্কার লুট

টাঙ্গাইলের ভূঞাপুরে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র ঘরের আলমারি ভেঙে ১২ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। গত শুক্রবার গভীর রাতে উপজেলার মাটিকাটা এলাকায় মঞ্জরুল ইসলাম ঠাণ্ডুর বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি গোবিন্দাসী বাজারের ওষুধ ব্যবসায়ী। ভুক্তভোগী মঞ্জরুল ইসলাম ঠাণ্ডু জানান, রাতের খাবার খেয়ে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। সকালে ঘরের দরজা খোলা দেখতে পান তিনি। ভেতরে আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। ঘরে থাকা দুটি স্টিলের আলমারির ড্রয়ারের তালা ভাঙা। রাতের যেকোনো সময় চোরের দল ঘরে প্রবেশ করে আলমারি ভেঙে নগদ ৪০ হাজার টাকা ও ১২ ভরি স্বর্ণালঙ্কারসহ মালামাল চুরি করে নিয়ে গেছে। ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা।

বুড়িগঙ্গা থেকে গলাকাটা লাশ উদ্ধার

ঢাকার বুড়িগঙ্গা থেকে অজ্ঞাতনামা এক যুবক (২৫)-এর গলাকাটা লাশ উদ্ধার করেছে বসিলা নৌপুলিশ । নিহত যুবকের পরনে ছিল কালো রঙের থ্রি কোয়াটার প্যান্ট ও নীল রঙের ফুলহাতা গেঞ্জি। নিহতের শরীরে বিভিন্ন অঙ্গে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন লক্ষ্য করা গেছে। গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা বুড়িগঙ্গা নদীর বসিলা ব্রিজের নীচ দিয়ে নৌকায় পারাপারের সময় ব্রিজের পিলারের সাথে কচুরিপানায় আটকানো অবস্থায় একটি লাশ ভাসতে দেখে। পরে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বরিশুর নৌপুলিশ সদস্যরা বসিলা ব্রিজের পিলারের পাশ থেকে কচুরিপানার মধ্য থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঢাকা জেলা প্রতিনিধি।

বিপুল ভারতীয় পণ্য আটক

ঈদুল আজহাকে কেন্দ্র করে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে সক্রিয় হয়ে উঠেছে চোরাকারবারি চক্র। গত শনিবার দুপুরে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুনতাসির মামুন মুন, এর নেতৃত্বে থানা পুলিশের একটি দল উপজেলা সদরের মহিলা ডিগ্রি কলেজের পেছনের একটি বাসায় অভিযান চালায়। এ সময় বাসাটির তালা ভেঙে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী ও প্রায় ৩০০ কেজি বাসমতি চাল জব্দ করা হয়। তবে অভিযানের সময় কাউকে আটক করা যায়নি । পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন নজরদারির পর গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে প্রায় ৩৫ ধরনের ভারতীয় প্রসাধনী রয়েছে। কুড়িগ্রাম প্রতিনিধি।

পিটুনিতে প্রাণ গেল শ্রমিকের

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ধান কাটার পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে বাবুল মিয়া (৬৫) নামের এক বৃদ্ধ দিনমজুর নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে উপজেলার খারনৈ ইউনিয়নের বরদল পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বাবুল মিয়া ওই গ্রামের মৃত সোনাহর মিয়ার ছেলে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, প্রায় এক মাস আগে বাবুল মিয়ার ছেলে সিরাজুল ইসলাম স্থানীয় হাবিবুর রহমানের জমিতে ধান কাটার কাজ করেন। ওই কাজের বাবদ ১৪ থেকে ১৫ হাজার টাকা পাওনা ছিল। রোববার সকালে জমিতে ধান কাটার সময় সিরাজুল পাওনা টাকা চাইলে হাবিবুর রহমানের সাথে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাবিবুর রহমান ও তার সহযোগীরা সিরাজুলকে মারধর শুরু করেন। ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে বাবুল মিয়াকেও বেধড়ক পেটানো হয়। গুরুতর আহত অবস্থায় তাকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কলমাকান্দা থানার ওসি আবুল হাসেম বলেন, লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। নেত্রকোনা প্রতিনিধি।