টিকার নিরাপত্তা গবেষণাপত্রে মার্কিন প্রশাসনের স্থগিতাদেশ

Printed Edition

রয়টার্স

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) করোনা ও শিংগেলস টিকার নিরাপত্তাবিষয়ক বেশ কিছু গবেষণাপত্র প্রকাশে স্থগিতাদেশ প্রদান করেছে। মঙ্গলবার মার্কিন স্বাস্থ্য ও জনসেবা বিভাগ (এইচএইচএস) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। গবেষণাপত্র প্রত্যাহারের এই চাঞ্চল্যকর তথ্যটি প্রথম সামনে আনে নিউ ইয়র্ক টাইমস।

এইচএইচএসের মুখপাত্র অ্যান্ড্রু নিক্সন রয়টার্সকে জানান, গবেষণাপত্রগুলোর উপসংহার নিয়ে সংশয় থাকায় সেগুলো প্রত্যাহার করা হয়েছে। তিনি উল্লেখ করেন, সংশ্লিষ্ট লেখকরা এমন কিছু ঢালাও সিদ্ধান্ত টেনেছিলেন যা মূল তথ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। মূলত বৈজ্ঞানিক স্বচ্ছতা ও উচ্চমান বজায় রাখতেই এফডিএ এই পদক্ষেপ নিয়েছে বলে তিনি দাবি করেন। তবে এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। সমালোচকদের মতে, বর্তমান মার্কিন প্রশাসন টিকার সহজলভ্যতা কমিয়ে আনার যে ধারাবাহিক প্রচেষ্টা চালাচ্ছে, এটি তারই অংশ। বিশেষ করে টিকার ঘোর বিরোধী হিসেবে পরিচিত রবার্ট এফ কেনেডি জুনিয়র স্বাস্থ্য সচিবের দায়িত্ব নেয়ার পর থেকে মার্কিন স্বাস্থ্যনীতিতে ব্যাপক পরিবর্তন দৃশ্যমান হচ্ছে। ট্রাম্প প্রশাসনের অধীনে টিকা গবেষণার বরাদ্দ কমানোর পাশাপাশি এর কার্যকারিতা নিয়েও নিয়মিত প্রশ্ন তোলা হচ্ছে। উল্লেখ্য, এর আগে গত আগস্টে এমআরএনএ টিকা গবেষণার ৫০ কোটি ডলারের তহবিল বন্ধের ঘোষণায় অন্তত ২২টি প্রকল্প ভেস্তে যায়। এ ছাড়া গত জুনে কেনেডি সমর্থিত একটি প্যানেল ফ্লু শট থেকে থিমারোসাল নামক দীর্ঘকালীন পরীক্ষিত ও নিরাপদ উপাদানটি সরিয়ে নেয়ার পক্ষে রায় দেয়।