বিচারপতি আবু সাঈদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

Printed Edition

আজ ২ আগস্ট রোববার মহান মুক্তিযুদ্ধের অন্যতম শীর্ষ সংগঠক সাবেক রাষ্ট্রপতি মরহুম বিচারপতি আবু সাঈদ চৌধুরীর ৩৮তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ি জামে মসজিদে পবিত্র কুরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের সন্তানরা সবাইকে পরম করুণাময় আল্লাহর কাছে তার মাগফিরাত কামনা করে দোয়া করতে অনুরোধ করেছেন। বিচারপতি আবু সাঈদ চৌধুরী একাত্তরের ১৫ মার্চ পাকহানাদার বাহিনীর গুলিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র নিহত হওয়ার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে ভিসির পদ থেকে পদত্যাগ করেন। পরবর্তীকালে প্রবাসী বাংলাদেশ সরকারের বিশেষ প্রতিনিধি হিসেবে মুক্তি সংগ্রামের সপক্ষে বিশ্ব জনমত সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৮৫ সালে তিনি সর্বসম্মতিক্রমে জাতিসঙ্ঘ মানবাধিকার কমিশনের সভাপতি নির্বাচিত হন।

আশির দশকে স্বৈরাচারবিরোধী আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিচারপতি আবু সাঈদ চৌধুরী টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকার বেশ কয়েকটি ধর্মীয় ও শিক্ষামূলক প্রতিষ্ঠানে বিশেষ অবদান রেখেছেন। তাকে কলকাতা বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টর অব ল’ এবং বিশ্বভারতী দেশিকোত্তম উপাধিতে ভূষিত করে। তিনি ছিলেন তদানীন্তন প্রাদেশিক পরিষদের স্পিকার মরহুম আব্দুল হামিদ চৌধুরীর একমাত্র সন্তান। সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী এবং সাবেক ব্যাংকার লায়ন আবুল কাশেম চৌধুরী তার দুই ছেলে। বিজ্ঞপ্তি।