নয়া দিগন্ত ডেস্ক
বাগেরহাট, সুনামগঞ্জ, জামালপুর ও ঢাকার ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন।
বাগেরহাটে নিহত ৩
বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের চুলকাঠি এলাকায় খুলনা-মোংলা মহাসড়কে ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতরা সবাই মোটরসাইকেলে আরোহী ছিলেন। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। কাটাখালী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাফর আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে মোটরসাইকেল চালক আব্দুল কাদের (৩৫) ঘটনাস্থলেই মারা যান। তিনি লকপুর এলাকার বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় অপর দুই যাত্রী বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
পৃথক দুর্ঘটনায় নিহত ৩
সিলেট ব্যুরো জানায়, সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ১৪ ঘণ্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে বুধবার বেলা ১২টায় সুনামগঞ্জ সদর উপজেলার আহসানমারা এলাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে লেগুনা চালকসহ দুইজনের মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১০টায় শান্তিগঞ্জ উপজেলার পাগলাবাজার সংলগ্ন মাদরাসাপাড়ায় সিএনজির পেছনে পণ্যবাহী ট্রাক ধাক্কা দিলে একজন নিহত ও তিনজন আহত হন। নিহতরা জাহের সদর উপজেলার কাঠইর ইউনিয়নের নারায়ণপুর গ্রামের আলফা উদ্দিনের ছেলে। আর ইব্রাহিম শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ঘাগলী গ্রামের বোরহান উদ্দিনের ছেলে।
এ ঘটনায় আহত হন আরো তিনজন। তারা হলেন-গাগলী গ্রামের মুছলেছ মিয়ার ছেলে আব্দুল জাহান, মেয়ে লুৎফা ও ছাতক উপজেলার জাউয়া ইউনিয়নের গনিপুর গ্রামের কাদির মিয়ার ছেলে তৌরিজ মিয়া। তাদের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
দেওয়ানগঞ্জে গরুর বেপারী নিহত
দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা জানান, গতকাল জামালপুরের দেওয়ানগঞ্জে গরু বোঝাই ভটভটি গাড়ি খাদে পড়ে উল্টে গিয়ে নুরুল ইসলাম (৩৫) নামে এক গরুর ব্যাপারী মারা গেছেন। তিনি উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের চর বাহাদুরাবাদ মন্নে বাজার গ্রামের আরমান আলীর ছেলে। নিহতের আত্মীয় গরু বেপারি সোলায়মান হোসেন নয়া দিগন্তকে জানান, বুধবার দুপুর ১২টার দিকে নুরুল ইসলাম গ্রামের অন্যান্য বেপারীদের সাথে গরু বিক্রি করতে দেওয়ানগঞ্জ বাজারে যাচ্ছিলেন। এ সময় চর বাহাদুরাবাদ-দেওয়ানগঞ্জ রোডের মন্নে বাজারের কাছে গরু বোঝাই ভটভটি উল্টে গেলে অনেকে ঝাঁপ দিয়ে প্রাণে রক্ষা পেলেও গুরুতর আহত হন নুরুল ইসলাম। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি।
ধামরাইয়ে ইউপি চেয়ারম্যানের ছেলে নিহত
ধামরাই (ঢাকা) সংবাদদাতা জানান, ঢাকার ধামরাইয়ে বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় রাকিব হোসেন (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) রাত ৮টার দিকে কালামপুর-বালিয়া-মির্জাপুর আঞ্চলিক সড়কের বড় জেঠাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব হোসেন উপজেলার আমতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হোসেনের ছেলে।



