আইএলও ও চায়না স্টেট কনস্ট্রাকশনের প্রতিনিধিদলের সাথে মির্জা ফখরুলের বৈঠক

Printed Edition
সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সাথে আইএলও এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুননের বৈঠক
সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর সাথে আইএলও এর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুননের বৈঠক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সোমবার সচিবালয়ে তার কার্যালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন এবং চীনের রাষ্ট্রীয় নির্মাণ প্রতিষ্ঠান ‘চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং করপোরেশন’-এর প্রতিনিধিদলের সাথে পৃথক দু’টি সৌজন্য বৈঠক করেছেন। বৈঠকে শ্রমিক কল্যাণ, নগর ব্যবস্থাপনা এবং অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে পারস্পরিক উন্নয়ন সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

আইএলওর কান্ট্রি ডিরেক্টরের সাথে বৈঠকে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বসহকারে আলোচনা করা হয়। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দেশের শ্রমজীবী মানুষের কল্যাণ ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে আইএলও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরো বলেন, কর্মসংস্থান সৃষ্টি, বাণিজ্য, শিল্পায়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিতে আন্তর্জাতিক অংশীদারত্ব আরো জোরদার করা প্রয়োজন। একই সাথে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অপর দিকে, ‘চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন’-এর প্রতিনিধিদলের সাথে বৈঠকে বাংলাদেশে অবকাঠামো ও নগর উন্নয়ন খাতে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে নিরাপদ পানি সরবরাহ, আধুনিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, নির্মাণ খাত এবং নগর অবকাঠামো উন্নয়নে যৌথ উদ্যোগের সম্ভাবনা ও কারিগরি সহায়তার বিষয়গুলো গুরুত্ব পায়।

সাক্ষাৎকালে স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো: মাহমুদুল হাসান (এনডিসি), উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অধীনস্থ দফতরের প্রধানগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি