হেল্পডেস্ক উদ্বোধনকালে স্পিকার

বাজেট আয়-ব্যয়ের হিসাব নয়, জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিফলন

Printed Edition
সংসদ ভবনের শপথ কক্ষে ‘বাজেট হেল্পডেস্ক-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ : পিআইডি
সংসদ ভবনের শপথ কক্ষে ‘বাজেট হেল্পডেস্ক-২০২৬’-এর উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ : পিআইডি

সংসদ প্রতিবেদক

জাতীয় সংসদ সদস্যদের বাজেট-সংক্রান্ত গবেষণামূলক তথ্য উপাত্ত সরবরাহের মাধ্যমে সংসদীয় বিতর্ক ও সিদ্ধান্ত গ্রহণকে আরো কার্যকর করতে জাতীয় সংসদে ‘বাজেট হেল্পডেস্ক-২০২৬’ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম উদ্বোধন করেন।

জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার বলেন, বাজেট কেবল রাষ্ট্রের আয়-ব্যয়ের হিসাব নয়; এটি জনগণের আশা-আকাক্সক্ষা, উন্নয়ন অগ্রাধিকার ও ভবিষ্যৎ অর্থনৈতিক দিকনির্দেশনার প্রতিফলন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদ সদস্যদের বাজেট-সম্পর্কিত গবেষণামূলক তথ্য ও উপাত্ত সরবরাহের মাধ্যমে বাজেট হেল্পডেস্ক সংসদে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সহায়তা করবে। তিনি আরো বলেন, ১৯৯১ সালে বিএনপি সরকারের মরহুম অর্থমন্ত্রী সাইফুর রহমানের হাত ধরে মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রবর্তন ছিল একটি যুগান্তকারী পদক্ষেপ। বাজেট দেশের প্রতিটি মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে এবং জনগণের আশা-আকাক্সক্ষা বাস্তবায়নের লক্ষ্যেই সংসদীয় কার্যক্রম পরিচালিত হয়। তাই দেশের ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব সংসদ সদস্যকে জনমুখী কার্যক্রম পরিচালনা করতে হবে।

স্পিকার বলেন, ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক সহায়তা এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) কারিগরি সহায়তায় সংসদের বাজেট অ্যানালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিটের তত্ত্বাবধানে পরিচালিত এই বাজেট হেল্পডেস্ক সংসদীয় কার্যক্রমের গুণগত মানোন্নয়নে ভূমিকা রাখবে।

বিরোধীদলীয় নেতা ডা: মো: শফিকুর রহমান বলেন, জাতির ভবিষ্যৎ প্রত্যাশা পূরণে বাজেট হেল্পডেস্ক একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। তিনি বলেন, বাজেটের অর্থায়নের প্রধান তিনটি উৎস- জনগণের কর, দেশী-বিদেশী ঋণ এবং বৈদেশিক অনুদান- সমন্বয়ের মাধ্যমে পরিচালিত হয় এবং এই অর্থের প্রকৃত মালিক জনগণ। বাজেটের আকারের চেয়ে এর বাস্তবায়নই বেশি গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, স্বচ্ছতার অভাবই বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাজেটের অর্থ যেন ব্যক্তি বিশেষের উন্নয়নের পরিবর্তে জনকল্যাণে ব্যয় হয়, সে বিষয়ে গুরুত্ব দেয়ার আহ্বান জানান তিনি।

চিফ হুইপ মো: নূরুল ইসলাম বলেন, জাতীয় বাজেটকে শুধু আয়-ব্যয়ের হিসাব হিসেবে দেখলে চলবে না; এটি রাষ্ট্র পরিচালনার অগ্রাধিকার, উন্নয়ন দর্শন এবং জনগণের ভবিষ্যৎ প্রত্যাশার প্রতিফলন। গণতন্ত্রকে শক্তিশালী করা, জনগণের জীবনমান উন্নয়ন এবং জাতীয় উন্নয়নের রূপরেখা বাস্তবায়নে বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পরে দেশ ও জাতির অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে স্পিকার আনুষ্ঠানিকভাবে ‘বাজেট হেল্পডেস্ক-২০২৬’-এর উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, হুইপবৃন্দ এবং জাতীয় সংসদের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো: গোলাম সরওয়ার ভুঁইয়া। বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধান মাইকেল মিলার এবং অর্থ বিভাগের সচিব খায়েরুজ্জামান মজুমদার বক্তব্য রাখেন।