আবার বিসিবিতে সুজন

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

খালেদ মাহমুদ সুজন একসময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে গেম ডেভেলপমেন্ট কমিটির দায়িত্বে ছিলেন। তার অধীনেই ২০২০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেই সাফল্যই আবার এত দিন পর বিসিবিতে ফেরার সুযোগ করে দিয়েছে সুজনকে। বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ককে বোর্ডে ফেরাতে আগ্রহী ছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবালও। জাতীয় দলের হয়ে খেলা অনেক ক্রিকেটারের মেন্টরকে তৃণমূলে কাজে লাগানোর চিন্তা থেকে তামিম ফিরিয়েছেন সুজনকে।

বয়সভিত্তিক ক্রিকেটের পরামর্শক হিসেবে দুই বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে তাকে।

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত সুজন নিজের পছন্দের কাজে যুক্ত হতে পারার সন্তুষ্টিও প্রকাশ করেছেন, ‘আমার কাজের জায়গা তো আসলে এটিই। ডেভেলপমেন্ট আর এজ গ্রুপের ক্রিকেটারদের নিয়েই আমার কোচিং জীবনের বেশির ভাগ সময় পার করেছি। বিসিবিতে ডেভেলপমেন্ট কমিটির প্রধান ছিলাম যখন, সাধ্যমতো চেষ্টা করেছি ওই পর্যায়ের ক্রিকেটারদের মান উন্নীত করতে। আমরা যুব বিশ্বকাপও জিতেছিলাম। বোর্ড থেকে বের হওয়ার পরও আমি কোচ হিসেবে বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়েই কাজ করেছি বেশি। বিসিবির এজ গ্রুপ ক্রিকেটের পরামর্শক হওয়ার ব্যাপারটি আমার জন্য আদর্শ। আশা করছি, এই দুই বছরে ভালো কিছুই করতে পারব।’