জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের দাবি জামায়াত নেতা সেলিমের

Printed Edition
উত্তরার আইইএস স্কুল অ্যান্ড কলেজে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বক্তব্য রাখেন মোহাম্মদ সেলিম উদ্দিন : নয়া দিগন্ত
উত্তরার আইইএস স্কুল অ্যান্ড কলেজে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বক্তব্য রাখেন মোহাম্মদ সেলিম উদ্দিন : নয়া দিগন্ত

নিজস্ব প্রতেবেদক

গণ-অভ্যুত্থানের অর্জন ধরে রাখতে সরকারকে টালবাহানা বাদ দিয়ে অবিলম্বে ‘জুলাই সনদ’ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। গতকাল উত্তরার আইইএস স্কুল অ্যান্ড কলেজ মাঠে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত ‘তুলিতে জুলাই’ শীর্ষক আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। গণ-অভ্যুত্থান উদযাপন কমিটি, উত্তরা এই কর্মসূচির আয়োজন করে।

সেলিম উদ্দিন বলেন, জুলাই বিপ্লব বিশ্ব ইতিহাসের একটি অনন্য ঘটনা। স্বৈরাচার ও ফ্যাসিবাদের পতনে ছাত্র-জনতা জীবনবাজি রেখে আন্দোলন গড়ে তুলেছিল। এই বিজয়ের মাধ্যমে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার যে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে, রাজনৈতিক ব্যর্থতা, সদিচ্ছার অভাব ও ক্ষমতালিপ্সার কারণে তা হাতছাড়া হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে দেশপ্রেমিক ছাত্র-জনতা কোনো ষড়যন্ত্রই সফল হতে দেবে না।

তিনি অভিযোগ করেন, সরকার সংবিধানের অপব্যাখ্যা দিয়ে জুলাই সনদ পাশ কাটানোর চেষ্টা করছে এবং একে রাষ্ট্রপতির আদেশ বলে বিভ্রান্তি ছড়াচ্ছে। অতীতে একই প্রক্রিয়ায় রাজনৈতিক সিদ্ধান্ত নেয়া সম্ভব হলেও জুলাই সনদের ক্ষেত্রে ভিন্ন অবস্থান নেয়া হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। সরকারকে নেতিবাচক রাজনীতি পরিহার করে ইতিবাচক ধারায় ফেরার আহ্বান জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন যে, জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারকে চড়া মূল্য দিতে হবে।

জুলাই উদযাপন কমিটি, উত্তরার আহ্বায়ক ও শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম এমপির সভাপতিত্বে এবং সদস্যসচিব কামরুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আশরাফুল হক, জামাল উদ্দিন, ইফসুর মহাসচিব ড. মোস্তফা ফয়সাল পারভেজ, ইব্রাহিম খলিল, মাজহারুল ইসলাম, আবু বকর সিদ্দিক, গাজী মনির হোসাইন, ইসরাফিল হোসেন, সুরুজ্জামান, জাকির হোসাইন, তাহমিদ হুজাইফা, তালহা জোবায়ের সজিব ও ইমরান হোসাইন।