নয়া দিগন্ত ডেস্ক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে বাংলাদেশীদের হত্যা, ভারতীয় নাগরিকদের জোরপূর্বক পুশইন ও অন্যান্য আগ্রাসনের প্রতিবাদে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ দলীয় ঐক্য জোটের ব্যানারে গত শুক্রবার (১২ জুন) এ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা সীমান্তে হত্যা ও নির্যাতন বন্ধে সরকারকে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়ে বলেন, এসব কর্মকাণ্ড দেশের সার্বভৌমত্ব ও মানবাধিকারের জন্য হুমকিস্বরূপ।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা জানান, শুক্রবার বিকেলে শিবগঞ্জ সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে ১১ দলীয় ঐক্যের আয়োজনে জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আমির আবু জার গিফারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, পাশাপাশি দুই রাষ্ট্রের যে কোনো বিষয় নিয়ে সমস্যা সৃষ্টি হলে উভয় দেশের সরকারের মধ্যে আলোচনার মাধ্যমে ন্যায়সংগত সমাধান করতে হয়। প্রয়োজনে জাতিসঙ্ঘের মাধ্যমে আন্তর্জাতিক আইন মোতাবেক সমাধান হতে পারে। কিন্তু ভারত সরকার এসবের তোয়াক্কা না করে সীমান্তে পুশইন, সীমান্ত হত্যা, মাদক ও অস্ত্র পাচার করে বাংলাদেশের ওপর অযাচিত হস্তক্ষেপ করছে।
শিবগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি বাবুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর আমির ও শিবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মাওলানা মো: কেরামত আলি, জেলা শাখার এনসিপির সদস্যসচিব মো: নজরুল ইসলাম, জেলা শাখার এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু মাসুদ মাস্টার ও জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বক্কর প্রমুখ।
নওগাঁ প্রতিনিধি জানান, জেলার ধামইরহাট উপজেলায় ভারত সীমান্ত দিয়ে পুশইন, সীমান্ত হত্যা এবং বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার আমাইতাড়া বাজার এলাকা থেকে জেলা ১১ দলীয় ঐক্যের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো: এনামুল হক।
নওগাঁ জেলা জামায়াতের আমির খন্দকার আব্দুর রাকিবের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দীন, জামায়াত সেক্রেটারি অ্যাডভোকেট আ স ম সায়েম, সহ সেক্রেটারি মারুফ আহমেদ, উপজেলা জামায়াত আমির কামরুজ্জামান জুয়েল, নওগাঁ জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান মাহবুব সোহাগ, নওগাঁ জেলা এলডিপির যুগ্ম আহ্বায়ক শাহান শাহ চিশতী, নওগাঁ জেলা খেলাফত মজলিসের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।
কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা জানান, জেলা ১১ দলীয় ঐক্য জোটের ব্যানারে শুক্রবার বিকেলে কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের আমতলা বাজারে এ কর্মসূচি পালিত হয়। বাদ আসর আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে বক্তারা সীমান্তে অব্যাহত প্রাণহানির তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে সীমান্তে হত্যা ও পুশইন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
কুলাউড়া উপজেলা জামায়াতের সেক্রেটারি ও প্রভাষক বেলাল আহমেদ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মুনতাজিম। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মারুফ আহমদ নাজিম, সহসভাপতি শরীফ আহমদ, মৌলভীবাজার জেলা ছাত্রশিবিরের কলেজ সম্পাদক তিহান তালুকদার, ব্রাহ্মণবাজার ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা হাসান আলী এবং কুলাউড়া উপজেলা ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক রেজাউর রহমান।



