আপাতত নতুন সিনেমায় নয় মৌসুমী

Printed Edition
আপাতত নতুন সিনেমায় নয়  মৌসুমী
আপাতত নতুন সিনেমায় নয় মৌসুমী

বিনোদন ডেস্ক

দীর্ঘদিন নতুন কোনো সিনেমায় নেই দেশীয় চলচ্চিত্রের প্রিয়দর্শিনী খ্যাত নায়িকা মৌসুমী। কিছুদিন আগে যদিও একটি সিনেমা মুক্তি পেয়েছিল, কিন্তু সেই সিনেমাটিতে সিনেমা হিসেবে মৌসুমী অভিনয় করেননি বিধায় এ নিয়ে তিনি একটি শব্দও উচ্চারণ করতে চান না বলে জানিয়েছেন মৌসুমী। ২০২৩ সালের অক্টোবরের শুরুতে যুক্তরাষ্ট্রে যান মৌসুমী। মূলত তার মা দীর্ঘদিন যাবত অসুস্থ বিধায় সেখানেই তিনি মায়ের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। চাইলেই তিনি মাকে রেখে এই মুহূর্তে দেশে ফিরতে পারছেন না। অথচ মাঝে মাঝে মৌসুমীর দেশে ফেরা না ফেরা নিয়ে নানান ধরনের গুজব চাউর হয়। যা পুরোপুরি মিথ্যে। মৌসুমীর সঙ্গে তার স্বামী ওমর সানীর নিয়মিত যোগাযোগ আছে এবং তার সন্তান ফারদিনের সঙ্গেও নিয়মিত যোগাযোগ আছে। মৌসুমীর সঙ্গে যুক্তরাষ্ট্রে আরো আছেন তার মেয়ে ফাইজাহ। দেশে ফেরা নিয়ে আপাতত কোনো পরিকল্পনা নেই তার। মৌসুমী বলেন, ‘যেহেতু সহসাই দেশে ফেরা হচ্ছে না। তাই নতুন কোনো সিনেমাতেও আপাতত অভিনয় করার কোনো সম্ভাবনা নেই। দেশে ফিরলেই কেবল নতুন সিনেমাতে অভিনয় করার ব্যাপারে চিন্তা ভাবনা করব। এটা সত্যি, প্রতি মুহুর্তে দেশকে ভীষণ মিস করি। মিস করি আমার নিজের পরিবার, চলচ্চিত্র পরিবার’সহ আরো অনেককেই। সবাই ভালো থাকুক, এটাই প্রত্যাশা।’ বাংলাদেশের সিনেমায় প্রিয়দর্শিনী মৌসুমীর অভিষেক হয় ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে। এতে তার বিপরীতে অভিনয় করেন অমর নায়ক সালমান শাহ। এরপর তারা দু’জন জুটি হয়ে আরো অভিনয় করেন ‘দেন মোহর’, ‘অন্তরে অন্তরে’, ‘স্নেহ’ সিনেমায়। ক্যারিয়ারের একটা সময় এসে মৌসুমী ওমর সানীর সাথে একের পর এক সিনেমাতে অভিনয় করেন এবং এক সময় ওমর সানীকে বিয়েও করেন মৌসুমী।