পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
দক্ষিণ এশিয়ার অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রামের পটিয়া আল-জামিয়া আল-ইসলামিয়ার উদ্যোগে কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলার ৫০০টি বন্যাদুর্গত পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার চকরিয়ার হারবাং, বরইতলী, রাসুলাবাদ, পহরচাঁদা এবং পেকুয়া পৌরসভা, টইটং ও বাঘগুজারা এলাকার বিভিন্ন মুসলিম ও অমুসলিম পরিবারের মধ্যে চাল, ডাল, আলুসহ শুকনো খাবার বিতরণ করা হয়। পাশাপাশি কয়েকটি অসচ্ছল পরিবারকে দেয়া হয় নগদ আর্থিক সহায়তা। এর আগে প্রথম ধাপে বাঁশখালীসহ বিভিন্ন এলাকায় প্রতিষ্ঠানটির পক্ষে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছিল।
মাদরাসার মুহতামিম মুফতি একরাম হোসাইন অদুদীর নেতৃত্বে এ ত্রাণ কার্যক্রমে উপস্থিত ছিলেন- নায়েবে মুহতামিম আল্লামা জাকারিয়া আজহারী, নাজেমে তালিমাত মুফতি জসিম উদ্দিন কাসেমী, মাওলানা হাফেজ মাসুম, মাওলানা সলিমুদ্দিন মাহদী কাসেমীসহ অন্যান্য শিক্ষক ও স্বেচ্ছাসেবকরা।



