এএফপি
উত্তর কোরিয়া জানিয়েছে, তাদের পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে এবং তা আর পরিবর্তনের কোনো সুযোগ নেই। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে অনুষ্ঠিত আলোচনায় পিয়ংইয়ংকে পরমাণু অস্ত্রমুক্ত করার লক্ষ্য পুনর্ব্যক্ত করার পর এই কড়া প্রতিক্রিয়া দেখাল দেশটি।
দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গতকাল রোববার এ তথ্য প্রকাশ করেছে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক মুখপাত্র দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ-কে বলেন, ‘যুদ্ধরত অন্য পক্ষের পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণের কথা বলা একটি অযৌক্তিক ও কল্পনাবিলাসী দিবা স্বপ্ন।’
গত বৃহস্পতিবার নিউক্লিয়ার কনসালটেটিভ গ্রুপের বৈঠকে ওয়াশিংটন ও সিউল পিয়ংইয়ংয়ের পরমাণু নিরস্ত্রীকরণের যৌথ লক্ষ্য পুনর্ব্যক্ত করে। এর পরপরই এমন কড়া সমালোচনা করল উত্তর কোরিয়া। ওই মুখপাত্র বলেন, ‘যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের অর্থহীন বাগাড়ম্বর এবং পারমাণবিক হুমকি সৃষ্টির অপচেষ্টা পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অপরিবর্তনযোগ্য অবস্থানকে কখনোই প্রভাবিত করতে পারবে না। পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়টি অপরিবর্তনযোগ্যভাবে চূড়ান্ত হয়ে গেছে।’
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে অনুষ্ঠিত ‘এক্সটেন্ডেড ডিটারেন্স ডায়ালগ’ প্রত্যাখ্যান করেন উত্তর কোরিয়ার এই কর্মকর্তা। ওই সংলাপে দেশ দু’টি উত্তর কোরিয়ার ‘সম্পূর্ণ পরমাণু নিরস্ত্রীকরণ’-এর প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছিল। এ প্রসঙ্গে মুখপাত্র বলেন, ‘যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া যতই বাগি¦তণ্ডা করুক না কেন, তারা কখনোই পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার বর্তমান অবস্থান পরিবর্তন করতে পারবে না।’



