৬ মাস অন্ধকারে বেকুটিয়া চীন মৈত্রী সেতু, বাড়ছে দুর্ঘটনা

দেশের গুরুত্বপূর্ণ অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী বেকুটিয়া সেতুর প্রায় ৭৫০ মিটার বৈদ্যুতিক তার ছয় মাস আগে চুরি হয়ে গেছে। এতে করে সেতুর প্রায় দেড় কিলোমিটার অংশে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। ফলে চলাচলকারীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন। ছিনতাই, চুরি ও মাদক বেচাকেনায় আতঙ্ক বাড়ছে।

Printed Edition
বেকুটিয়া সেতুর প্রবেশদ্বার
বেকুটিয়া সেতুর প্রবেশদ্বার |নয়া দিগন্ত

রিয়াদ মাহমুদ সিকদার কাউখালী (পিরোজপুর)

পিরোজপুরের কাউখালী প্রান্তে কঁচা নদীর উপর নির্মিত দেশের গুরুত্বপূর্ণ অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী বেকুটিয়া সেতুর প্রায় ৭৫০ মিটার বৈদ্যুতিক তার ছয় মাস আগে চুরি হয়ে গেছে। এতে করে সেতুর প্রায় দেড় কিলোমিটার অংশে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। ফলে চলাচলকারীরা প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন। ছিনতাই, চুরি ও মাদক বেচাকেনায় আতঙ্ক বাড়ছে।

সড়ক ও জনপথ (সওজ) বিভাগ জানায়, গত ১৮ জুলাই দুর্বৃত্তরা সেতুর বৈদ্যুতিক সংযোগ বক্স থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে মাটির নিচ থেকে ৭৫০ মিটার কেবলগুলো কেটে নিয়ে যায়। এর ফলে সেতুর কাউখালী প্রান্তের অর্ধেকের বেশি এলাকায় ল্যাম্প পোস্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

চীন সরকারের সহায়তায় ২০২২ সালে খুলনা-বরিশাল মহাসড়কের সংযোগস্থলে নির্মিত হয় সেতুটি। পিরোজপুর জেলা শহরে বিনোদনের উল্লেখযোগ্য কোনো স্থান না থাকায় সদর উপজেলাসহ আশপাশের মানুষেরা সন্ধ্যার পরে ঘুরতে যান বেকুটিয়া সেতুর নিচে কাউখালী প্রান্তে। ব্রিজে আলোর ব্যবস্থা না থাকায় ছিনতাই ও চুরির আতঙ্ক নিয়ে পার হতে হয় এই সেতু। তবে ছয় মাস অতিবাহিত হলেও এখনো কর্তৃপক্ষ এ সমস্যার সমাধান করতে পারেনি। বর্তমানে সেতুটি বেনাপোল-খুলনা-বরিশাল-কুয়াকাটা রুটের গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ।

স্থানীয়রা অভিযোগ করেন, সন্ধ্যার পর এই অন্ধকার অংশ দিয়ে গাড়ি চলাচলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। দ্রুত বিদ্যুৎ লাইন সচল না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। পাশাপাশি ছিনতাই ডাকাতির আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয়ভাবে সেতুটি দর্শনীয় হওয়াতে আশপাশের বিভিন্ন জেলা, উপজেলা থেকে সেতু দর্শনে আসা দর্শনার্থীদের সংখ্যাও কমেছে ভয় ও আতঙ্কে। এমনকি রাত গভীর হলেই মাদকের আড্ডা বসে এখানে। কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এ সমস্যার সমাধান হচ্ছে না বলে দাবি স্থানীয়দের। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ কমানোর দাবি সবার।

পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পল্লী বিদ্যুতের মাধ্যমে প্রায় ১৪ লাখ টাকা ব্যয়ে সংযোগপূর্ণ স্থাপনের প্রক্রিয়া কাজ চলমান। এ ছাড়া তার চুরির ঘটনায় মামলা করা হয়েছে। দ্রুত সমস্যার সমাধান হবে।

কাউখালী থানার ওসি ইয়াকুব হোসাইন বলেন, সেতুতে রাতে পুলিশ টহল জোরদার করা হয়েছে।