আসাদুল ইসলাম সবুজ লালমনিরহাট
লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ধাইরখাতা এলাকায় নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের দুই বছর পেরিয়ে গেলেও মসজিদটি এখনো খুলে দেয়া হয়নি। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। মুসল্লিরা দ্রুত মসজিদটি খুলে দেয়ার দাবি জানিয়েছেন।
গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২৫ সেপ্টেম্বর ৪৮ শতক জমির ওপর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজ শুরু হয়। ১২ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে কাজটি পায় ঢাকার সাজিন কনস্ট্রাকশন লিমিটেড। নির্ধারিত সময় অনুযায়ী ২০২১ সালের ২৪ মার্চের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ৭৫ শতাংশ কাজ শেষ হওয়ার আগেই ২০২৩ সালের ১৭ এপ্রিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি মসজিদটি উদ্বোধন করেন।
উদ্বোধনের আগেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে আট কোটি ৫০ লাখ টাকা পরিশোধ করা হয়। কিন্তু উদ্বোধনের দুই বছর দুই মাস পেরিয়ে গেলেও মসজিদটি নামাজের জন্য খুলে দেয়া হয়নি। উদ্বোধন হয়ে যাওয়ার পর মসজিদের বাকি কাজও আর সমাপ্ত করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।
সরেজমিন দেখা গেছে, এখনো মসজিদের বাইরে সীমানা প্রাচীর, সৌন্দর্যবর্ধন, পানি ও বিদ্যুৎ সংযোগসহ একাধিক কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। হাতেগোনা কয়েকজন শ্রমিক ধীরগতিতে কাজ করছেন।
স্থানীয় বাসিন্দা নুর ইসলাম বলেন, দুই বছর আগে নির্মাণকাজ শেষ না হতেই সাবেক প্রধানমন্ত্রী মসজিদটি উদ্বোধন করেছেন; কিন্তু এখনো এই মসজিদে এক দিনের জন্যও নামাজ পড়তে পারেনি কেউ। এটা আমাদের জন্য দুঃখজনক।
এ বিষয়ে লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এইচ এম শাহরিয়ার বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানকে বারবার তাগাদা দেয়া হচ্ছে। মসজিদের কাজ প্রায় শেষ পর্যায়ে। বাকি কাজ শেষ হলে দ্রুতই এটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে চালু করা হবে।



