জুলাই সনদ ও গণভোট অধ্যাদেশ রুলের শুনানি ১৭ জুন

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং ২০২৫ সালের গণভোট অধ্যাদেশের ৩ ধারা ও তফসিল প্রশ্নে রুল শুনানির জন্য আগামী ১৭ জুন দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার রুল শুনানির জন্য এ দিন নির্ধারণ করেন।

রুল শুনানির জন্য ১৭ জুন নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দলটি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি বলেন, জামায়াতে ইসলামী এবং দলটি থেকে নির্বাচিত ৬৬ জন সংসদ সদস্য এ-সংক্রান্ত রিটে ব্যক্তিগতভাবে বিবাদি হিসেবে গত সপ্তাহে পক্ষভুক্ত হয়েছেন।

এ দিকে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং গণভোট অধ্যাদেশের ৩ ধারা ও তফসিলের বৈধতা নিয়ে করা পৃথক রিটে বিবাদি হিসেবে পক্ষভুক্ত হতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আবেদন করেছে। বিষয়টি শুনানির অপেক্ষায় বলে জানিয়েছেন এনসিপির আইনবিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম মুসা।

এর আগে এই বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী চৌধুরী মো: রেদোয়ান-ই-খোদা গত ২৩ ফেব্রুয়ারি একটি রিট করেন।

জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ এবং এর আলোকে নবনির্বাচিত সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদ সদস্যের শপথের জন্য দেয়া চিঠির বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী মো: মাহবুব আলম গত ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে আরেকটি রিট করেন। পৃথক রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ৩ মার্চ হাইকোর্ট রুল দেন।