নিজস্ব প্রতিবেদক
রাজধানীর জুরাইনে খন্দকার রোডে নয়া দিগন্ত প্রেস পরিদর্শন করেছেন ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ জয়নুল আবেদীন। তিনি বলেছেন, নয়া দিগন্তের কর্মকর্তা-কর্মচারীরা সতেরো বছর নানা প্রতিকূলতার মধ্যেও অত্যন্ত কষ্ট করে পত্রিকাটি টিকিয়ে রেখেছেন। তিনি বিগত ফ্যাসিস্ট আমলে নয়া দিগন্তের সাহসী ও গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে পত্রিকাটির ভূমিকা আরো শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
গতকাল শুক্রবার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ও কলকারখানা পরিদর্শনের ধারাবাহিকতায় রুটিন কার্যক্রমের অংশ হিসেবে তিনি পরিদর্শনে অংশ নিয়ে এ কথা বলেন।
গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, একটি আদর্শ সমাজ গঠনে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার কোনো বিকল্প নেই। পাশাপাশি দেশ, জাতি ও ইসলামী মূল্যবোধ রায় নয়া দিগন্তের কর্মীদের আরো আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান।
এ সময় এমপি সৈয়দ জয়নুল আবেদীন প্রেসের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নয়া দিগন্তের এইচআর অ্যান্ড অ্যাডমিন ম্যানেজার মো: আজহারুল ইসলাম, সমাজসেবক ও জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের শ্যামপুর দক্ষিণ থানা আমির কামরুল আহসান, শ্যামপুর থানার যুব বিভাগের সভাপতি মো: ইমরান হোসাইন, দিগন্ত প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোশারফ হোসেন, প্রোডাকশন এক্সিকিউটিভ মশিউর রহমান, মেশিন ম্যান আব্দুল বাতেন, টিপু সুলতানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



