কূটনৈতিক প্রতিবেদক
বাণিজ্য, জ্বালানি, প্রতিরক্ষা, রোহিঙ্গা সঙ্কট, ইন্দো-প্যাসিফিক এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগসহ দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্ব আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটনে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের বৈঠকে এ ব্যাপারে অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। দুই দেশের মধ্যে সম্পর্কের ঊর্ধ্বমুখী গতিধারা অব্যাহত রাখতে উভয় পক্ষ নিয়মিত সংলাপের ওপর জোর দিয়েছে।
যুক্তরাষ্ট্রের জনসংখ্যা, উদ্বাস্তু ও অভিবাসন বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্ড্রু ভেপ্রেকের সাথে অপর একটি বৈঠকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অব্যাহতভাবে সমর্থন দেয়ার জন্য যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় উভয়ে রোহিঙ্গাদের টেকসই ও নিরাপদ প্রত্যাবাসনে একসাথে কাজ করতে সম্মত হন।
যুক্তরাষ্ট্র সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকের পাশাপাশি শামা ওবায়েদ ওয়াশিংটনে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) প্রেসিডেন্ট ড. ড্যানিয়েল টুইনিয়ের সাথে সাক্ষাৎ করেন। প্রতিমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক উন্নয়নে আইআরআইয়ের দীর্ঘদিনের অংশীদারিত্ব এবং বাংলাদেশে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে সংস্থার নির্বাচন পর্যবেক্ষক দলের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। তিনি অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র, যুব ক্ষমতায়ন, নারীর রাজনৈতিক অংশগ্রহণ, ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা এবং নাগরিক সমাজ ও গণমাধ্যমের সক্ষমতা শক্তিশালী করতে সরকারের প্রতিশ্রুতির ওপর আলোকপাত করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওয়াশিংটনভিত্তিক শীর্ষস্থানীয় থিংক ট্যাংক আটলান্টিক কাউন্সিল আয়োজিত একটি গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন এবং অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, অর্থনৈতিক উন্মুক্ততা এবং ভারসাম্যপূর্ণ ও বাস্তবসম্মত পররাষ্ট্রনীতির অঙ্গীকারের ওপর আলোকপাত করেন। শামা ওবায়েদ বাণিজ্য, জ্বালানি, প্রযুক্তি ও শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান অংশীদারিত্বের ওপর গুরুত্বারোপ করেন এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও প্রতিবেশী দেশগুলোর সাথে গঠনমূলক সম্পৃক্ততায় সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
গোলটেবিল বৈঠক শেষে প্রতিমন্ত্রী আটলান্টিক কাউন্সিলের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিস জেনা বেন-ইহুদার সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন।



