এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের আওতায় নাটোরে আয়োজিত মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। এ উপলক্ষে সম্প্রতি আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নে এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের সহযোগিতায় পরিচালিত এ প্রশিক্ষণের লক্ষ্য ছিল সম্ভাবনাময় উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবনী সক্ষমতা বিকাশ এবং শিল্প খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা জোরদার করা। মাসব্যাপী এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী ২৫ জন সম্ভাবনাময় উদ্যোক্তা সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক এবং স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর মো: আইয়ুব আলী। তিনি বলেন, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও উদ্ভাবনভিত্তিক শিল্পায়নে দক্ষ উদ্যোক্তা গড়ে তোলার বিকল্প নেই। এ লক্ষ্য অর্জনে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামের মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংক পিএলসির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও রিজিওনাল হেড মো: আব্দুল হালিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংক পিএলসির হেড অব এস বিজনেস অ্যান্ড রিফাইন্যান্স শেখ নূর আলম। বিজ্ঞপ্তি।



