নয়া দিগন্ত ডেস্ক
সড়ক দুর্ঘটনায় নাটোর ও দু’জন নিহত ও ব্রাহ্মণবাড়িয়ায় চারজন আহত হয়েছেন।
সিংড়া (নাটোর) সংবাদদাতা জানান, নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ডে ট্রাক ও অটোভ্যানগাড়ির সংঘর্ষে মো: আলী (৩৫) নামের এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টায় সিংড়া বাসস্ট্যান্ডে মহাসড়কের ভুল দিক দিয়ে ভ্যানগাড়ি ঢুকতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত ব্যক্তি উপজেলার আঁচলকোট গ্রামের আবুল হোসেনের ছেলে ও সিংড়া বাজারের ছাগল ব্যবসায়ী। এ দিকে দুর্ঘটনার পর সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক ও পাশের ফুটপাথ দখলমুক্তের দাবি জানান এলাকাবাসী।
এই দুর্ঘটনায় অটোভ্যানের চালকসহ আরো চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে বালুভরা গ্রামের ভ্যানগাড়ির চালক আজাহার আলীকে (৬০) রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বাকি তিনজনকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন শেরকোল রানীনগর গ্রামের আফসার আলী (৪৯), একই গ্রামের আরিফ হোসেন (৩৮) ও কুসাবাড়ি গ্রামের অটোচালক সিরাজ উদ্দিন (৪৫)।
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের ধনাশী গ্রামে বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন হরি চৌধুরী (৬০) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি শিবপুর চৌধুরী বাড়ির সুরেন্দ্র চৌধুরীর ছেলে। জানা যায়, মানসিক ভারসাম্যহীন হরি চৌধুরী বুধবার রাতে রাস্তা পারাপারের সময় পেছন থেকে অটোরিকশা ধাক্কা দিলে ঘটনাস্থলে সে মারা যায়।



