চাটমোহর (পাবনা) সংবাদদাতা
প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ এ পাবনা জেলায় সেরা হওয়ার পর এবার রাজশাহী বিভাগের মধ্যেও শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত হয়েছেন চাটমোহরের মুসা নাসের চৌধুরী। গত বুধবার প্রাথমিক শিক্ষা পদক রাজশাহী বিভাগীয় বাছাই কমিটি তাকে চূড়ান্তভাবে এই পদে মনোনীত করে। এর আগে গত ১ জুন জেলা বাছাই কমিটি তাকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ঘোষণা করেছিল।
চাটমোহর উপজেলায় যোগদানের পর থেকেই প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বছরব্যাপী নানামুখী প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেন মুসা নাসের চৌধুরী। তার নির্দেশনায় উপজেলার অধিকাংশ বিদ্যালয়ে সিসি ক্যামেরা স্থাপন, নিয়মিত মা সমাবেশ আয়োজন এবং স্কুলের সংযোগ সড়ক, ভবন ও টয়লেট মেরামতসহ ব্যাপক উন্নয়ন কাজ সম্পন্ন করা হয়েছে।
এ ছাড়া তার বিশেষ পরিকল্পনায় চাটমোহরের একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের ১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে মডেল বিদ্যালয় ঘোষণা করে বিশেষ শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী দেয়া হয়। পাশাপাশি উপজেলার ১৫৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে উন্নতমানের স্কুলব্যাগ বিতরণ করেন তিনি।
এই গৌরবময় অর্জনে ইউএনও মুসা নাসের চৌধুরী বলেন, শিক্ষা গ্রহণের মূল ভিত্তিই হলো প্রাথমিক শিক্ষা। তাই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের সমস্যাগুলো চিহ্নিত করে শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছি।



