ফার্মগেট কেলেঙ্কারি

অভিশংসন তদন্ত ঠেকাতে আদালতের দ্বারস্থ সিরিল

Printed Edition

রয়টার্স

বহুল আলোচিত ফার্মগেট কেলেঙ্কারি সংক্রান্ত অভিযোগ তদন্তে পার্লামেন্টের অভিশংসনপ্রক্রিয়া ঠেকাতে আদালতের দ্বারস্থ হয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। জানা গেছে, তিনি জরুরি ভিত্তিতে আদালতে এ সংক্রান্ত একটি আবেদন করেছেন। আদালতের নথি থেকে এই তথ্য জানা গেছে।

রামাফোসা চান, কেলেঙ্কারি-সংক্রান্ত অসদাচরণের বিষয়ে একটি স্বাধীন প্যানেলের দেয়া পর্যবেক্ষণ বাতিলের জন্য তিনি যে পৃথক আবেদন করেছেন, সে বিষয়ে উচ্চ আদালত আগে সিদ্ধান্ত দিক। ফার্মগেট কেলেঙ্কারির সূত্রপাত ২০২০ সালে। তখন প্রেসিডেন্ট রামাফোসার মালিকানাধীন খামারবাড়ি থেকে বিপুল পরিমাণ অর্থ চুরি হয়। খামারবাড়ির একটি সোফার ভেতরে এই অর্থ লুকানো ছিল। প্রেসিডেন্ট রামাফোসার দাবি, চুরি হওয়া অর্থের পরিমাণ ছিল পাঁচ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। আর তা ছিল মহিষ বিক্রির অর্থ। তবে এত বড় অঙ্কের অর্থ আসবাবপত্রের ভেতরে কেন রাখা হয়েছিল, তা যথাযথভাবে ঘোষণা করা হয়েছিল কি না- এসব প্রশ্ন ওঠে। এ ব্যাপারে রামাফোসা বরাবরই কোনো ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছেন।