কিং চার্লসের ভাই অ্যান্ড্রুর বিরুদ্ধে তদন্ত দীর্ঘ হবে : ব্রিটিশ পুলিশ

Printed Edition

রয়টার্স

ব্রিটিশ রাজপরিবারের সদস্য অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরের বিরুদ্ধে পুলিশের তদন্ত দীর্ঘ এবং জটিল হবে বলে গতকাল শুক্রবার জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। সরকারি পদে থেকে অসদাচরণের সন্দেহে চলতি বছরের শুরুর দিকে তাকে গ্রেফতার করা হয়। এই অপরাধের আওতায় যৌন অসদাচরণের অভিযোগও অন্তর্ভুক্ত থাকতে পারে।

মার্কিন যৌন অপরাধী জেফরি এপস্টিন সংক্রান্ত লাখ লাখ নথি মার্কিন বিচার বিভাগ প্রকাশ করার পর গত ফেব্রুয়ারিতে নরফোকের নিজ বাড়ি থেকে গ্রেফতার হন রাজা চার্লসের ছোট ভাই অ্যান্ড্রু। এরপর গোয়েন্দারা তাকে সতর্ক করে কয়েক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন। সিংহাসনের অষ্টম উত্তরাধিকারী এই শীর্ষ রাজপরিবারের সদস্যের গ্রেফতারের ঘটনা আধুনিক যুগে নজিরবিহীন।