স্পিন-পেস উভয়ের জন্যই প্রস্তুত কিউইরা : ওয়াল্টার

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

তিনটি করে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে কদিন আগেই বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড। এদেশের পরিবেশ কিছুটা অচেনা হলেও বাংলাদেশ ও ভারত সফরে উপমহাদেশের কন্ডিশন উইকেটের সাথে কিউই ক্রিকেটাররা অনেকেই বেশ পরিচিত। এ ছাড়া ‘এ’ দলের হয়ে বাংলাদেশ সফর করে যাওয়া অনেক ক্রিকেটার এবার তাদের মূল দলে সুযোগ পেয়ে বাংলাদেশ সফরে এসেছেন।

মাত্রই পাকিস্তানকে হারিয়ে ফুরফুরে মেজাজে টাইগার স্কোয়াড। কিউইদের এই দলকেও নিশ্চিতভাবেই উড়িয়ে দিতে চাইবে টাইগাররা। যদিও কাজটা সহজ হবে না মোটেই। প্রথম সারির ক্রিকেটাররা না থাকলেও ‘এ’ দলের হয়ে ভালো খেলা দারুণ কিছু ক্রিকেটারকে স্কোয়াডে রেখে সফরে এসেছে নিউজিল্যান্ড। ম্যাচের মোড় যেকোনো মুহূর্তে ঘুরিয়ে দিতে পারেন তারা। সাথে অভিজ্ঞতার ফায়দাও লুটতে চাইবেন নিশ্চিতভাবেই।

নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার এসবের পাশাপাশি প্রশংসায় ভাসিয়েছেন টাইগার পেস ইউনিটকে। সংবাদ সম্মেলনে কিউইদের প্রধান কোচ ওয়াল্টার বলেন, ‘আসলে বাংলাদেশ দলে দারুণ কিছু পেসার রয়েছে। তাদের মনে হয় স্পিন উইকেট বানানোর দরকার নেই। ফলে আমাদের নিজেদের শক্তিমত্তা অনুযায়ী প্ল্যান করে মাঠে তা কাজে লাগাতে হবে। আমাদের সুযোগ কিছুটা বাড়বে হয়ত। তবে আন্তর্জাতিক ক্রিকেটে আপনাকে ভিন্ন ভিন্ন কন্ডিশন মোকাবেলা করতেই হবে। ফলে নিজেকে সেভাবে প্রস্তুত রাখতে হবে। আমরা ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পিচ দেখেছি, একদমই ভিন্নরকম স্পিন পেসের লড়াই মনে হয়েছে। আমরা নিজেদের দুই ধরনের উইকেটের জন্যই প্রস্তুত রেখেছি; যা পাবো তা-ই কাজে লাগাতে হবে।’

মাঝের ওভারে কি কার্যকরী হবেন স্পিনাররা? এমন প্রশ্নের জবাব দিলেন এভাবে, ‘এখনই অতসব ভাবছি না। ম্যাচের পরিস্থিতি এবং কন্ডিশন বুঝে সিদ্ধান্ত। কন্ডিশন বুঝে খেলতে হবে। ম্যাচ শুরুর আগেই সব ঠিক করে রাখতে চাই না। ক্রিকেট প্রতিনিয়ত পরিবর্তন হয়। যদি মাঝের ওভারে স্পিনারদের দরকার হয় তারা তাদের কাজ করবে। সবার আগে কন্ডিশন বুঝতে হবে এবং সেভাবে মানিয়ে নিয়ে যতটা ভালোভাবে সম্ভব রেসপন্স করতে হবে।’

আলাদা করে টাইগার পেসার নাহিদ রানার প্রশংসা করেছেন রব ওয়াল্টার। তার গতি সামলাতেও দিয়েছেন নিজেদের ব্যাটারদের টোটকা। এ ছাড়া চোট কাটিয়ে দলে ফেরা পেসার উইল ও’রউরকে নিয়েও দারুণ রোমাঞ্চিত ওয়াল্টার। ‘সবার আগে ও’রউরকের মত একজনকে ফিরে পাওয়া অসাধারণ ব্যাপার। অনেক দিন সে চোটের কারণে দলের বাইরে ছিল। তার কোয়ালিটি সবার জানা। লম্বা একজন পেসার। সবাই দারুণ রোমাঞ্চিত তাকে ফিরতে দেখে, অনেক দিন পর দেশকে প্রতিনিধিত্ব করছে। এসব ম্যাচ বড় মঞ্চের দিকে একেকটি ধাপ, ও’রউর হয়ত সেটি পুরন করবে।’

চ্যালেঞ্জ দিয়ে রাখলেন ওয়াল্টার

অনেক ক্রিকেটার এখন খেলছেন আইপিএল, পিএসএলে। তারা না থাকলেও যারা আছেন তাদের উপরই আস্থা রেখে বাজিমাত করতে চান কিউইদের প্রধান কোচ রব ওয়াল্টার। সংবাদ সম্মেলনে ওয়াল্টার বলেন, ‘দলে এমন অনেক ক্রিকেটার আছে যারা নিউজিল্যান্ড ‘এ’ দলের হয়ে এখানে সিরিজ খেলে গেছে। এই ভেন্যুতে মনে হয় চার দিনের ম্যাচটি হয়েছিল। বাংলাদেশে খেলতে পারার যেকোনো অভিজ্ঞতাই আসলে দারুণ। নিজেদের ভালো অবস্থানে রেখে সামনে এগিয়ে যাওয়া যায়। ভিন্ন ধরনের কন্ডিশন এখানে। প্রথম ম্যাচের আগে যে কয়দিন সময় পেয়েছি তা হয়ত ভালোভাবে অভ্যস্ত হওয়ার জন্য যথেষ্ট নয়।