সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

সাতক্ষীরায় পৃথক ঘটনায় মৃত্যু ২

সাতক্ষীরায় পৃথক ঘটনায় বজ্রপাতে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন নিহত হয়েছেন। শনিবার (১৩ জুন) বেলা আড়াইটার দিকে কলারোয়ার ব্রজবক্স গ্রামে ও সকাল ৯টার দিকে কালীগঞ্জ উপজেলার চৌবাড়ীয় গ্রামের একটি মাছের ঘেরে পৃথক এই ঘটনা ঘটে। বজ্রপাতে নিহতের নাম মো: আব্দুল হামিদ ঝড় (৩৫)। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার ব্রজবক্স গ্রামের হায়দার আলীর ছেলে এবং বিদ্যুৎস্পৃষ্টে নিহত মো: মুহাসিন আলি (৫২) কালিগঞ্জ উপজেলার চৌমুহনী গ্রামের মৃত আমেদ আলী মোল্লার ছেলে। কালিগঞ্জ থানার ওসি মো: জুয়েল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সাতক্ষীরা প্রতিনিধি।

পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন

ফৌজদারি মামলার তদন্ত কার্যক্রমে গতি আনা, আদালতের আদেশ যথাযথভাবে বাস্তবায়ন এবং বিচারিক সেবা আরো কার্যকর ও ত্রুটিমুক্ত করতে রাঙ্গামাটিতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসির উদ্যোগে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের সম্মেলন কক্ষে গত শনিবার সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাঙ্গামাটির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ তফাজ্জল হাসান হিরু। সম্মেলনে রাঙ্গামাটি পার্বত্য জেলার বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটরাসহ আইনশৃঙ্খলা ও বিচারব্যবস্থাসংশিষ্ট দফতরের কর্মকর্তারা অংশ নেন। উপস্থিত ছিলেন রাঙ্গামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রাকিব, সিভিল সার্জন ডা: নূয়েন খীসা, বিজিবির অতিরিক্ত পরিচালক মোস্তর মোহাম্মদ তৌফিকুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন প্রমুখ। সম্মেলনে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে সাক্ষ্য গ্রহণ ও শুনানি কার্যক্রম বিষয়ে তথ্যবহুল আলোচনা করেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিপলু কুমার দে। এ সময় তিনি মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে বিষয়টির বিভিন্ন দিক তুলে ধরেন। রাঙ্গামাটি প্রতিনিধি।

জীবননগরে স্বর্ণসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এক সফল অভিযান চালিয়ে চারটি স্বর্ণের বার ও এক পাচারকারীকে আটক করেছে। গতকাল সকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর মেদিনীপুর বিওপি ক্যাম্পের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় বিশেষ টহল দেয়ার সময় মেদিনীপুর সীমান্তের ৬৪ নম্বর পিলার থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে তাকে তল্লাশি করে এই স্বর্ণ উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তির নাম মো: সিকান্দার আলী (৫০)। তিনি জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের কাসেদ আলীর ছেলে। অবৈধভাবে ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে তিনি সীমান্ত এলাকায় অবস্থান করছিলেন বলে জানা গেছে। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

মেয়াদোত্তীর্ণ উত্তেজক ওষুধ জব্দ

নাটোরের নলডাঙ্গায় বিপুল পরিমাণ ভেজাল ও মেয়াদোত্তীর্ণ যৌন উত্তেজক ওষুধ জব্দ করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ ভেজাল ও যৌন উত্তেজক ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে মো: ফজল নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে তাকে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তি নাটোর হাজরা এলাকার মরহুম ফয়েজ সরদারের ছেলে। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ও ঔষধসংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গতকাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আশিকুর রহমান। অভিযানে প্রায় লক্ষাধিক টাকার জব্দকৃত ভেজাল ওষুধ পুড়িয়ে দেয়া হয়। এ সময় তিনি ব্যবসায়ীদের বৈধ ও নির্ধারিত মেয়াদের ওষুধ বিক্রির আহ্বান জানান। নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা।

মোবাইল ফোন বিস্ফোরণে ব্যবসায়ী দগ্ধ

শিল্পাঞ্চল আশুলিয়ায় দু’টি মোবাইল ফোন চার্জ অবস্থায় চাপাচাপি করার সময় বিস্ফোরণে মিজানুর রহমান নামের এক স্টকলট ব্যবসায়ী দগ্ধ হয়েছেন। পরে তাকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

গতকাল শনিবার রাতে আশুলিয়ার রশিদ মার্কেট এলাকার আলীমের বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় পুরো ঘরে আগুন ধরে যায়। দগ্ধ মিজানুর রহমান ফেনির ছাগলনাইয়া থানাধীন সিদ্দিক ভেন্ডার এলাকার বাসিন্দা। তিনি আশুলিয়ার সোনিয়া মার্কেট এলাকায় স্টক লটের ব্যবসা করতেন। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মিজানুর রহমান আলীমের বাসার নিচ তলায় একটা কক্ষ ভাড়া নিয়ে ব্যবসা করতেন। শনিবার রাতে হঠাৎ বিকট শব্দ শুনতে পান এবং বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে শুনেন। পরে তার রুমের বারান্দার তালা ভেঙে তাকে উদ্ধার করা হয়। বিস্ফোরণে ওই কক্ষে আসবাবপত্র কিছু অংশ পুড়ে যায় এবং মোবাইলের পোড়া কিছু অংশ রুমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে ছিল। আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা।

১০ শয্যাবিশিষ্ট আইসিইউ চালু

দীর্ঘ প্রতীক্ষার পর মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ সেবা চালু হয়েছে। গতকাল রোববার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই আইসিইউ সেবা চালুর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী শাখাওয়াত হোসেন। এ সময় মাদারীপুর - ০২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, সিভিল সার্জন ডা: শরিফুল আবেদীন কমল, হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: অখিল সরকারসহ অনেকেই উপস্থিত ছিলেন। জানা যায়, জেলার সাড়ে ১৩ লাখ মানুষের স্বাস্থ্যসেবার জন্য ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় ২৫০ শয্যার হাসপাতাল। সে সময়ে কেনা হয় তিন কোটি টাকার আইসিইউসহ বিভিন্ন যন্ত্রপাতি। রোগীদের সেবা দেয়ার লক্ষ্যে ২০২৩ সালের নভেম্বরে উদ্বোধনও করা হয় আইসিইউ ইউনিটটি। তারপর আর সেখানে মেলেনি কোন সেবা। ফলে মুমূর্ষু রোগীদের আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয় রাজধানী ঢাকা মেডিক্যালে অথবা ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। এতে ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনরা। বার বার আইসিইউ ইউনিট চালুর দাবির জানিয়েছে আসছিল জেলাবাসী। একাধিকবার বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রচার হয় সংবাদ। পরে স্বাস্থ্য অধিদফতর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নজরে আসলে এটি উদ্বোধনের সিদ্ধান্ত হয় কর্তৃপক্ষ। আইসিইউ সেবা চালুতে স্বস্তি ফিরেছে রোগী ও স্বজনদের মাঝে। মাদারীপুর প্রতিনিধি।

কাউখালীতে পুলিশের বিশেষ অভিযান

পিরোজপুরের কাউখালী থানার ওসি মো: আনোয়ার হোসেনের নেতৃত্বে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং কার্যক্রম প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। গত শনিবার সন্ধ্যার পর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে কাউখালী বাজার, বিভিন্ন সড়ক, জনসমাগমস্থল ও ঝুঁঁকিপূর্ণ এলাকাগুলোতে পুলিশি টহল জোরদার করা হয়। এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি, জনসচেতনতামূলক প্রচারণা এবং অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের সাথে মতবিনিময় করা হয়। কাউখালী থানার ওসি মো: আনোয়ার হোসেন বলেন, মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং বর্তমানে সমাজের জন্য বড় হুমকি। এসব অপরাধ নিয়ন্ত্রণে কাউখালী থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিশেষ অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে। অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা।

সওজের জায়গা প্রভাবশালীদের দখলে

নেত্রকোনার কেন্দুয়ায় সড়ক ও জনপথ বিভাগের জায়গা প্রভাবশালী দখল করে নিচ্ছে। করা হচ্ছে কাঁচা-পাকা ঘর নির্মাণ। ক্রয়-বিক্রয়ও হচ্ছে এসব জায়গা। এদের ফাঁদে পড়ে প্রতারিত হচ্ছেন গ্রামের সরল সহজ মানুষ। জানা যায়, কেন্দুয়া-নেত্রকোনা এবং কেন্দুয়া-আঠারবাড়ী সড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গা রয়েছে। প্রভাবশালী সিন্ডিকেট এসব জায়গা দখল করে রেখেছে। করছে কাঁচা-পাকা নির্মাণ। মোটা অঙ্কের টাকায় দিচ্ছে ভাড়া। ভাড়া হিসেবে অগ্রিম নিচ্ছে ১-৫ বছরের টাকা। খালি জায়গাও অগ্রিম টাকা নিয়ে দেয়া হচ্ছে ভাড়া। নির্দ্বিধায় করা হচ্ছে ক্রয়-বিক্রয়। অসাধু চক্রের খপ্পরে প্রতারিত হচ্ছেন সওজ সম্পর্কে অজ্ঞ গ্রামের সহজ সরল মানুষ। নাম প্রকাশ না করার শর্তে আলাপকালে বেশ কয়েকজন ব্যবসায়ী জানান, অনেক শর্তের জালে পাঁচ বছরের অগ্রিম ভাড়া দিয়ে দোকান নিয়েছেন। অগ্রিম টাকায় খালি জায়গা ভাড়া নিয়ে নিজে ঘর করে ব্যবসা করছেন। আবার কেউ কেউ জায়গা কিনে গড়ে তুলেছেন ব্যবসা প্রতিষ্ঠান। নেত্রকোনা সওজের উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতিম মিত্র বলেন, অবৈধ দখল উচ্ছেদ অভিযান চালানো হবে এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সহকারী কমিশনার (ভূমি) নাঈম উল ইসলাম চৌধুরী বলেন, সড়ক ও জনপথ বিভাগ চাইলে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা।