দুনিয়া নিউজ
আজাদ জম্মু ও কাশ্মিরে চলমান অস্থিরতা নিরসনে শান্তিপূর্ণ কর্মসূচি সমাপ্ত করার আহ্বান জানিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। গতকাল রোববার এক বিবৃতিতে তিনি আন্দোলনরত বিক্ষোভকারীদের শান্ত হওয়ার অনুরোধ জানিয়ে বলেন, চলমান এই বিশৃঙ্খলা কেবল কাশ্মিরের মূল দাবিকেই ক্ষতিগ্রস্ত করছে না, বরং আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানর ভাবমূর্তিও ক্ষুণœ করছে।
বিলাওয়াল ভুট্টো সতর্ক করে বলেন, এই পরিস্থিতি এমন কিছু প্রতিকূল গোষ্ঠীর হাতে সুযোগ তুলে দিচ্ছে, যারা ভারত ও ইসরাইলি যোগসাজশে ফায়দা হাসিলের অপচেষ্টা চালাচ্ছে। তিনি আইন নিজের হাতে তুলে নেয়া ব্যক্তিদের অবিলম্বে স্থানীয় কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করার এবং বিচারিক প্রক্রিয়াকে নিজস্ব গতিতে চলার সুযোগ দেয়ার আহ্বান জানান।
পাকিস্তান পিপলস পার্টির এই শীর্ষ নেতা জোর দিয়ে বলেন, রাজনৈতিক যেকোনো ক্ষোভ বা বিরোধ নিরসনের জন্য রাজপথ নয়, বরং পার্লামেন্ট ও গণতান্ত্রিক আলোচনাই উপযুক্ত ফোরাম। তিনি আরো জানান, অকাল নির্বাচনী তফসিল প্রত্যাহারের জন্য তার দল নির্বাচন কমিশনের কাছে ইতোমধ্যেই দাবি জানিয়েছে।



