রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় এক শিক্ষকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ৪০ হাজার টাকাসহ প্রায় ৮ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায় ডাকাতরা। ডাকাতদের প্রতিরোধ করতে গিয়ে হামলায় গৃহকর্তা ও তার সহধর্মিণী আহত হয়েছে। গত শুক্রবার রাত ২টায় পদুয়া জয়নগর ধলিয়া মুসলিমপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
জানা যায়, উপজেলার পদুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জয়নগর ধলিয়া মুসলিম পাড়া এলাকার বাসিন্দা ও হরিহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুসের বাড়িতে ১০-১২ জনের ডাকাতদল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে বাড়ির সবাইকে জিম্মি করে।
এ সময় প্রতিরোধের চেষ্টা করলে ডাকাতরা গৃহকর্তা আব্দুল কুদ্দুস ও তার সহধর্মিণী রুবি আক্তারকে ব্যাপক মারধরে গুরুতর আহত করে। পরে আহতদের উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এ ঘটনায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আসামিদের শনাক্ত করে গ্রেফতার ও লুট হওয়া মালামাল উদ্ধারে চেষ্টা চালানো হচ্ছে বলে জানিছেন ওসি হিলাল উদ্দিন আহমেদ।



