গণতন্ত্র শক্তিশালীকরণে জামায়াত ও ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের বৈঠক

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সাথে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালে’র বাংলাদেশ প্রতিনিধিদলের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোর সক্রিয় ভূমিকা এবং গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আরো শক্তিশালী ও টেকসই করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি নাগরিকদের ভোটাধিকার নিশ্চিতকরণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন এবং সুশাসন প্রতিষ্ঠার বিষয়েও উভয় পক্ষ বিশেষ গুরুত্বারোপ করেন।

আলোচনাকালে ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের প্রতিনিধিরা বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করার ক্ষেত্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। ভবিষ্যতেও দেশে সুশাসন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা জোরদারে দলটি গঠনমূলক ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অন্য দিকে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রকে আরো শক্তিশালী ও কার্যকর করতে ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনাল ভবিষ্যৎে তাদের সহযোগিতার পরিধি আরো সম্প্রসারিত করবে।

বৈঠকে ডেমোক্র্যাসি ইন্টারন্যাশনালের প্রতিনিধিদলে ছিলেন সংস্থাটির বাংলাদেশ অফিসের চিফ অব পার্টি ড. আবদুল আলিম, সিনিয়র ডিরেক্টর লিপিকা বিশ্বাস এবং সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার রবিউল ইসলাম।

জামায়াতে ইসলামীর পক্ষে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে প্রতিনিধিদলে আরো উপস্থিত ছিলেন- সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান এবং ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব:) আবদুল বাতেন।