সাতক্ষীরায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

Printed Edition

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও পরে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গত শনিবার রাত ১১টার দিকে সীমান্তবর্তী লক্ষ্মীদাড়ি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম তাসলিমা খাতুন (৩৬)। তিনি দেবহাটা উপজেলার বহেরা গ্রামের নুরুজ্জামানের মেয়ে এবং দুই সন্তানের জননী ছিলেন। ঘটনার পর থেকে তার স্বামী সাদ্দাম হোসেন মোড়ল পলাতক রয়েছেন। সাদ্দাম যশোরের ঝিকরগাছা এলাকার বাসিন্দা, তবে তিনি লক্ষ্মীদাড়ি গ্রামে নানার বাড়িতে থাকতেন।

স্থানীয় ইউপি সদস্য সন্তোষ কুমার ঘোষ জানান, সাদ্দাম বর্তমানে বেকার ছিলেন। সম্প্রতি অভাবের তাড়নায় তাসলিমা বাবার বাড়ি থেকে একটি ছাগল নিয়ে আসেন। সাদ্দাম সেটি চুরি করে বিক্রি করে দিলে উভয়ের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে সাদ্দাম হাতুড়ি দিয়ে তাসলিমার মাথায় আঘাত করেন। তিনি অজ্ঞান হয়ে পড়লে ধারালো ছুরি দিয়ে তাকে জবাই করে পালিয়ে যান সাদ্দাম। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান জানান, রাত পৌনে ১২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।