মা ও মেয়েকে গলা কেটে হত্যাচেষ্টা যুবক আটক

Printed Edition

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ শহরের জমিদারপাড়া এলাকায় জনি ইসলাম নামের এক সৌদি প্রবাসীর স্ত্রী ও তার স্কুলপড়ুয়া মেয়েকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে প্রবাসীর নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন জনি ইসলামের স্ত্রী রিতা মণি ইসলাম (৩০) এবং তাদের মেয়ে জান্নাতুল ইসলাম রিধি (১১)। রিধি স্থানীয় প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।

স্থানীয় সূত্র জানায়, সকালে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে মা ও মেয়ের গলায় আঘাত করা হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারী পালিয়ে যাওয়ার চেষ্টা করে। খবর পেয়ে মুন্সীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত অভিযুক্ত স্থানীয় যুবক মো: শান্তকে গ্রেফতার করে।