হারুন ইসলাম
চার বছর পরপর ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ মানেই যেন বাঁধভাঙা উল্লাস আর রোমাঞ্চ। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা এই উন্মাদনার ঢেউ আছড়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসেও। গ্রীষ্মকালীন ছুটি চলমান থাকলেও বিশ্বকাপ জ্বরে কাঁপছে পুরো বিশ্ববিদ্যালয়। টিএসসিতে উপচে পড়া ভিড়, হলে হলে প্রিয় দলের পতাকা ওড়ানো আর ফ্যান ক্লাবগুলোর পাল্টাপাল্টি শোডাউনে ক্যাম্পাস যেন পরিণত হয়েছে উৎসবের নগরীতে।
বড় পর্দায় বিশ্বকাপ দেখাচ্ছে ছাত্রদল
শিক্ষার্থীদের এই উন্মাদনায় বাড়তি মাত্রা যোগ করতে ক্যাম্পাসের পাঁচটি স্পটে বড় পর্দায় ম্যাচ সম্প্রচারের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় টিএসসি, জগন্নাথ হল মাঠ, মুহসীন হল, শহীদুল্লাহ হল মাঠ এবং হলপাড়ায় (কবি জসীমউদ্দীন হল মাঠ) বসানো হচ্ছে জায়ান্ট স্ক্রিন। আয়োজকদের পক্ষে ঢাবি ছাত্রদলের দফতর সম্পাদক মল্লিক ওয়াসি উদ্দিন তামী জানান, বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে শুরুতে কেবল টিএসসি এবং জগন্নাথ হলে খেলা দেখানো সম্ভব হয়েছে। তবে খুব দ্রুতই বাকি স্পটগুলোতে বড় পর্দার ব্যবস্থা পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে বলে তিনি আশাবাদী।
ডাকসুর বর্ণিল আয়োজন
পিছিয়ে নেই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদও (ডাকসু)। শিক্ষক-শিক্ষার্থীরা সবাই এক সাথে খেলা উপভোগ করার সুবিধার্থে ভিসি চত্বরে বিশাল স্ক্রিন স্থাপন করেছে তারা। এ ছাড়া আগামী ১৬ জুন সন্ধ্যা ৭টায় ডাকসু প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকদের অংশগ্রহণে আকর্ষণীয় ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিল : রম্য বিতর্ক’। পাশাপাশি স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে তিন দিনব্যাপী ‘ফ্যান এনগেজমেন্ট প্রোগ্রাম’র আয়োজন করা হয়েছে। সেখানে ইতোমধ্যেই অতিথি হিসেবে যোগ দিয়ে শিক্ষার্থীদের চমকে দিয়েছেন জাতীয় নারী ফুটবল দলের তারকা ঋতুপর্ণা চাকমা। এই আয়োজনে থাকছে নানা রকম গেমস, কুইজ ও ফটো কর্নারের সুবিধা।
সমর্থকগোষ্ঠীর কমিটি ও উচ্ছ্বাস
বিশ্বকাপকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমেও রীতিমতো ঝড় তুলেছেন ঢাবির ফুটবল ভক্তরা। ব্যাচ ও বিভাগভিত্তিক বিভাজনের বাইরে গিয়ে গড়ে উঠেছে বড় বড় সমর্থক গোষ্ঠী। এর মধ্যে ‘আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠী’ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে প্রধান উপদেষ্টা করে একটি আংশিক কমিটি ঘোষণা করেছে, যার নেতৃত্বে আছেন সভাপতি মো: মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক মো: মিসবাহ উদ্দিন। ১৪ জুন পূর্ণাঙ্গ কমিটি আসার কথা রয়েছে।
পিছিয়ে নেই ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ব্রাজিল ঐক্য পরিষদও’। ‘মিশন হেক্সা’ পূরণের লক্ষ্যে ক্যামেলিয়া হাসান শশীকে সভাপতি ও আবিদুর রহমান মিশুকে সাধারণ সম্পাদক করে ৩০০ সদস্যের এক বিশাল কমিটি মাঠে নামিয়েছে তারা।
টিএসসিতে আড্ডা ও কথার লড়াই
বরাবরের মতোই বিশ্বকাপ উন্মাদনার প্রাণকেন্দ্র হয়ে উঠেছে টিএসসি। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে গত পরশু হাজারো দর্শকের ঢল নামে সেখানে। পুরো এলাকা ছেয়ে গেছে বিভিন্ন দেশের, বিশেষত আর্জেন্টিনার বিশাল সব পতাকায়। এ নিয়ে ব্রাজিল সমর্থক ও ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘ব্রাজিল যেমনই খেলুক, তারাই বিশ্ব ফুটবলের মূল আকর্ষণ। অন্য দলকে নিয়ে আমরা মাথা ঘামাই না।’
এর পাল্টা জবাবে আর্জেন্টিনা সমর্থক ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, ‘ব্রাজিলের ওই সাত গোল হজমের লজ্জাজনক ইতিহাস যেন আর ফিরে না আসে। অন্তত সম্মানের সাথে তারা যেন কোয়ার্টার ফাইনাল অব্দি পৌঁছায়- একজন আর্জেন্টাইন ভক্ত হিসেবে সেটাই আমার চাওয়া।’
হলে হলে পতাকার রাজত্ব
আবাসিক হলগুলোতে চলছে সবচেয়ে বড় পতাকা ওড়ানোর এক নীরব প্রতিযোগিতা। মাস্টারদা সূর্যসেন হলের মূল ফটক প্রায় পুরোটাই ঢেকে গেছে আর্জেন্টিনার বিশাল পতাকায়। স্যার এ এফ রহমান হলেও আর্জেন্টিনা ও ব্রাজিল- উভয় দলের সমর্থকরাই সুবিশাল ব্যানার টাঙিয়ে নিজেদের আধিপত্য প্রমাণের চেষ্টা করছেন। অন্য দিকে ফজলুল হক মুসলিম হলে জুমার নামাজের পর ব্রাজিলের বিশালাকার পতাকা প্রদর্শন করে বর্ণিল এক শোডাউন করেছে সেলেকাও ভক্তরা।
ঢাবি অধ্যাপকের ভবিষ্যদ্বাণী : চ্যাম্পিয়ন স্পেন
উৎসব-উন্মাদনার মধ্যেই ক্যাম্পাসে বাড়তি আলোচনার জন্ম দিয়েছেন ঢাবির ফলিত পরিসংখ্যান ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো: হাসিনুর রহমান খান। গত ১০ জুন তিনি যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো বিশ্বকাপের ১০৪ ম্যাচের সম্ভাব্য ফল নিয়ে একটি গাণিতিক পূর্বাভাস প্রকাশ করেছেন। এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপেও তার নিখুঁত ভবিষ্যদ্বাণী দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল।
তার এবারের পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ বলছে, আগামী ১৯ জুলাই নিউইয়র্কের হাইভোল্টেজ ফাইনালে আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলবে স্পেন। তার পূর্বাভাস অনুযায়ী, সেমিফাইনাল থেকেই বিদায় নেবে যথাক্রমে ফ্রান্স (স্পেনের কাছে হেরে) ও ব্রাজিল (আর্জেন্টিনার কাছে হেরে)। আর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ব্রাজিলকে হারিয়ে ফ্রান্স তৃতীয় স্থান অধিকার করবে।



