উচ্চশিক্ষার প্রসার

বাংলাদেশ ও মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর যৌথসভা

Printed Edition

বিমসটেক ও ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর সাথে উচ্চশিক্ষায় অংশীদারত্ব জোরদারে বাংলাদেশকে সহযোগিতা করার জন্য মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। সোমবার ইউজিসি মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ ও মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নেটওয়ার্কিং বিষয়ে এক যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ইউজিসি সদস্য ও চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মো: সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত সুহাদা ওথমানসহ দুই দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা বক্তব্য দেন।

প্রধান অতিথি প্রফেসর আনোয়ার হোসেন বলেন, যৌথ গবেষণা, বৃত্তিসহায়তা, উচ্চশিক্ষা সংক্রান্ত তথ্য বিনিময় এবং শিক্ষক-শিক্ষাকেন্দ্রিক সক্ষমতা বৃদ্ধিতে দুই দেশ একযোগে কাজ করতে পারে। বিশেষ করে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং উন্নয়ন, শিক্ষার্থীদের চাকরির উপযোগী করা, গবেষণা নীতিমালা তৈরি এবং শিল্প-বাণিজ্য প্রতিষ্ঠানের সাথে সহযোগিতা বাড়াতে তিনি মালয়েশিয়ার কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা প্রত্যাশা করেন। সভাপতির বক্তব্যে প্রফেসর সাইদুর রহমান বলেন, শিক্ষা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যতম শক্তিশালী স্তম্ভ। বাংলাদেশের প্রায় ৫২টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের এই অংশগ্রহণ উচ্চশিক্ষার উৎকর্ষ, উদ্ভাবন ও আন্তর্জাতিকীকরণের যৌথ অঙ্গীকারকে প্রতিফলিত করে।

মালয়েশিয়ার রাষ্ট্রদূত সুহাদা ওথমান বলেন, মানসম্মত শিক্ষা, সাশ্রয়ী ব্যয় এবং নিরাপদ পরিবেশের কারণে মালয়েশিয়া বাংলাদেশী শিক্ষার্থীদের কাছে অন্যতম পছন্দের গন্তব্য। বর্তমানে সে দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ১১ হাজার ৪০১ জন বাংলাদেশী শিক্ষার্থী পড়াশোনা করছেন, যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যার বিচারে তৃতীয় সর্বোচ্চ। এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসেসের (ইএমজিএস) প্রধান নির্বাহী কর্মকর্তা নভি তাজউদ্দীন জানান, গুণগত শিক্ষার প্রতি আগ্রহের কারণে গত বছরের তুলনায় মালয়েশিয়ায় বাংলাদেশী শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

যৌথ সভায় অন্যান্যের মধ্যে মালয়েশিয়ার হায়ার এডুকেশন লিডারশিপ একাডেমির পরিচালক ড. হারশিতা আইনি হারুন, ইউজিসি সচিব ড. ফখরুল ইসলাম এবং আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক জেসমিন পারভিন বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।