জনগণ গণভোটে জুলাই সনদের বৈধতা দিয়েছে : নূরুল ইসলাম বুলবুল

Printed Edition
জামায়াতে ইসলামীর মতিঝিল-শাহজাহানপুর জোনের রুকন সমাবেশে বক্তব্য রাখেন নুরুল ইসলাম বুলবুল এমপি
জামায়াতে ইসলামীর মতিঝিল-শাহজাহানপুর জোনের রুকন সমাবেশে বক্তব্য রাখেন নুরুল ইসলাম বুলবুল এমপি

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল এমপি বলেছেন, জনগণ ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে দেশ থেকে আধিপত্যবাদ-ফ্যাসিবাদ বিতাড়িত করেছে । কিন্তু এক দলকে সরিয়ে আরেকদলকে ক্ষমতায় বসানোর জন্য ছাত্র-জনতা জুলাই বিপ্লব করেনি, জুলাই বিপ্লব অর্জিত হয়েছে রাষ্ট্র সংস্কারের মাধ্যমে বৈষম্য দূর করে এক ইনসাফ ও ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে। সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্র সংস্কার কার্যক্রম শুরু করতে জনগণ গণভোটে হ্যাঁ জয়যুক্ত করে জুলাই সনদের বৈধতা দিয়েছে। গণভোটের জনরায় মেনে নিতেই হবে, কোনো বিকল্প নেই। বুধবার রাতে মতিঝিল-শাহজাহানপুর জোনের সদস্য (রুকন) সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, হাজারো প্রতিকূলতার মধ্যেও জামায়াতে ইসলামী ফ্যাসিস্ট অপশক্তির হাত থেকে জাতিকে মুক্ত করতে রাজপথে ছিল। নিশ্চিত খুন-গুম, গ্রেফতারের ঝুঁকি থাকা সত্বেও জামায়াতে ইসলামী মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন থেকে পিছপা হয়নি, হবেও না।

জামায়াতে ইসলামীর রাজনৈতিক কৌশলকে যারা আজ গুপ্ত কলে অপপ্রচার চালাচ্ছে, তারা দেশেই ছিল না। তাদের মধ্যে যে কয়েকজন নেতা দেশে ছিল তাদেরকেও রাজপথে খুঁজে পাওয়া যায়নি।

ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও মতিঝিল-শাহজাহানপুর জোন পরিচালক মুহাম্মদ শামছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন- শাহজাহানপুর পূর্ব থানা আমির মাওলানা শরিফুল ইসলাম, মতিঝিল দক্ষিণ থানা আমির মাওলানা মোতাছিম বিল্লাহ, মতিঝিল উত্তর থানা আমির এস এম শামছুল বারী, মতিঝিল পূর্ব থানা আমির নুর উদ্দিন, শাহজাহানপুর পশ্চিম থানা আমির মো: সারোয়ার প্রমুখ।