আত্রাইয়ে অস্ত্রের মুখে মালামাল লুট

Printed Edition

রানীনগর (নওগাঁ) সংবাদদাতা

নওগাঁর আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে গভীর রাতে এক ভয়াবহ গণডাকাতির ঘটনা ঘটেছে। গত রোববার রাত সাড়ে ১২টা থেকে প্রায় ২টা পর্যন্ত উপজেলার থাওইপাড়া এলাকার ভাঙাব্রিজ নামক স্থানে এ ঘটনা ঘটে। সশস্ত্র ডাকাত দলের কবলে পড়ে অন্তত ৪০ থেকে ৫০টি যানবাহনের যাত্রী ও চালকরা সর্বস্ব হারিয়েছেন।

ভুক্তভোগীরা জানান, একদল সশস্ত্র ডাকাত মহাসড়কের ওপর পরিত্যক্ত টেবিল ফেলে রাস্তা অবরোধ করে। এ সময় চলাচলরত মাইক্রোবাস, সিএনজিসহ বিভিন্ন যানবাহনের গতিরোধ করে অস্ত্রের মুখে চালক ও যাত্রীদের জিম্মি করা হয়। পরে তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী লুট করে নেয় ডাকাতরা। নাটোর থেকে সিএনজিযোগে ফেরা এক প্রবাসীর কাছ থেকে আইফোন ও নগদ টাকা এবং ঢাকা থেকে আসা এক মাইক্রোবাস চালকের কাছ থেকে চার হাজার টাকা ছিনিয়ে নেয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে। এদিকে আক্রান্তরা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেও যথাসময়ে সহযোগিতা না পাওয়ার অভিযোগ তুলেছেন।

আত্রাই থানার এসআই ইফতেখার এ অভিযোগ অস্বীকার করে জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়েছে। গত সোমবার সকালে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানায়, জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নেয়া হচ্ছে।