আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং নগরবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম এই তথ্য জানান। সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার বলেন, ‘২৩ জুন একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী। এটিকে কেন্দ্র করে আমরা সতর্ক অবস্থানে আছি। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে অতীতের মতোই প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’ তিনি আরো জানান, রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ডিএমপির নিয়মিত চেকপোস্ট কার্যক্রম চলমান রয়েছে এবং এটি আরো জোরদার করা হবে।

এ দিকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে রাজধানীসহ সারা দেশে পুলিশকে ‘প্রয়োজনীয় সতর্কতার’ পাশাপাশি বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দফতর। গত বৃহস্পতিবার দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজি বরাবর পুলিশ সদর দফতর থেকে এ বিষয়ে একটি ‘জরুরি বার্তা’ পাঠানো হয়েছে। ওই বার্তায় প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দলটির ‘সম্ভাব্য কর্মকাণ্ড মূল্যায়ন’ করার জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়। পুলিশ সদর দফতরের জরুরি বার্তায় আশঙ্কা প্রকাশ করে বলা হয়, ২৩ জুন দলটির পক্ষ থেকে দেশের বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল করার চেষ্টা হতে পারে। এর ফলে দেশের অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপির নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে তাদের বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে। পাশাপাশি তাদের এসব কর্মকাণ্ডে বাধা দিলে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরও ক্ষুব্ধ হতে পারে। এই সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেশের সর্বত্র প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশক্রমে অনুরোধ জানিয়েছে পুলিশ সদর দফতর।