নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মতিঝিলে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের অন্যতম সহযোগী তানিম রেজা ওরফে বাপ্পিসহ পাঁজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি বিদেশী আগ্নেয়াস্ত্র ও সাত রাউন্ড গুলি জব্দ করা হয়। গ্রেফতাররা হলেন তানিম রেজা ওরফে বাপ্পি (৪৬), মোহাম্মদ জুয়েল (৪৮), শাকিল (২৭), মো: মানিক কাজী (৫০) ও রাকিবুল ইসলাম ভূঁইয়া ওরফে রিজন (৩৫)। গত ১৯ মে কমলাপুরের একটি অফিসে চাঁদাবাজি ও গুলিবর্ষণের ঘটনায় অভিযুক্ত শ্যুটার তানিম রেজা ওরফে বাপ্পি ও তার সহযোগীরা।
গতকাল রাজধানীর মিন্টুরোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) এবং অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (ক্রাইম অ্যান্ড অপারেশনস) কর্মকর্তা মোহাম্মদ ওসমান গণি বলেন, শুক্রবার সকালে রাজধানীর মতিঝিলের হোটেল পূর্বাণীসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তানিম রেজাকে তিন সহযোগী জুয়েল, শাকিল ও মানিক কাজীসহ গ্রেফতার করা হয়।
পরে তাদের দেয়া তথ্য এবং প্রযুক্তির সহায়তায় মতিঝিলের উত্তর কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে আরেক সহযোগী রাকিবুল ইসলাম ভূঁইয়া ওরফে রিজনকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গত ১৭ জুলাই রাতে দক্ষিণ কমলাপুরে বাপ্পির অফিসে অভিযান চালানো হয়। সেখানে একটি বিদেশী রিভলভার, দু’টি বিদেশী পিস্তল, পাঁচ রাউন্ড রিভলভারের গুলি, দুই রাউন্ড পিস্তলের গুলি, দু’টি ম্যাগাজিন, একটি ইলেকট্রিক শক গান এবং একটি বিদেশী চাইনিজ কুড়াল জব্দ করা হয়। এ ঘটনায় মতিঝিল থানায় অস্ত্র আইনে পৃথক একটি মামলা করা হয়েছে।



