গণভোটের নমুনা ব্যালট প্রকাশ প্রশ্ন ৪টি

Printed Edition

বিশেষ সংবাদদাতা

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে গণভোটের নমুনা ব্যালট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গণভোটের ব্যালট পেপারের রঙ হবে গোলাপি। ব্যালটে চারটি প্রশ্ন থাকবে। আর নিচে থাকবে একটি ছক। ছকের দু’টি ঘরে ‘হ্যাঁ’ ও ‘না’ লেখা থাকবে। নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা গতকাল গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

ইসির দেয়া তথ্য বলছে, এই ব্যালটের নিচে থাকা ‘হ্যাঁ’ অথবা ‘না’ ঘরের পাশে টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন দিতে হবে। এতে যদি কেউ প্রশ্ন চারটির সাথে একমত হলে ‘হ্যাঁ’ এর পাশের ঘরে টিক চিহ্ন দিতে হবে। আর চারটির সাথে দ্বিমত হলে ‘না’ এর পাশের ঘরে ক্রস চিহ্ন দিতে হবে।

ব্যালটে যে চারটি প্রশ্ন থাকছে-

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে।

আগামী জাতীয় সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্যবিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে।

সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হতে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলে বর্ণিত যে ৩০টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে।

জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে।