প্রযুক্তি ডেস্ক
স্যামসাংয়ের পরবর্তী প্রজন্মের স্মার্টফোন নিয়ে প্রযুক্তিপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে আগামী ২৫ ফেব্রুয়ারি আয়োজিত হতে যাচ্ছে বছরের অন্যতম বড় ইভেন্ট ‘গ্যালাক্সি আনপ্যাকড ২০২৬’। বিশ্বের অন্যতম বড় মেলা ‘সিইএস ২০২৬’-এ নিজেদের ‘ফার্স্ট লুক’ ইভেন্টের পর আনপ্যাকড ইভেন্টে বছরের প্রথম গ্যালাক্সি স্মার্টফোনের সিরিজ উন্মোচনের জন্য প্রস্তুত স্যামসাং।
আনুষ্ঠানিকভাবে ২৫ ফেব্রুয়ারি নিউ ইয়র্ক স্থানীয় সময় দুপুর ১টায় ‘গ্যালাক্সি আনপ্যাকড’ ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে কোম্পানিটি। এ অনুষ্ঠানে গ্যালাক্সি এস২৬ সিরিজ ও গ্যালাক্সি এআই-এর নতুন সব আপডেট আনবে তারা। ফাঁস হওয়া বিভিন্ন তথ্য থেকে জানা গেছে, গ্যালাক্সি এস২৬, এস২৬+ ও এস২৬ আল্ট্রা মডেলে নতুন ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫’ চিপ ব্যবহার করেছে স্যামসাং। সেই সাথে এতে র্যাম ও স্টোরেজও সম্ভবত বাড়বে। বড় ধরনের হার্ডওয়্যার পরিবর্তন কেবল ‘গ্যালাক্সি এস২৬ আল্ট্রা’ মডেলেই দেখা যাবে, যার মধ্যে থাকবে উন্নত ক্যামেরা সিস্টেম ও সম্ভবত ‘কিউ২’ ওয়্যারলেস চার্জিং সুবিধা। নতুন স্মার্টফোনের পাশাপাশি ‘গ্যালাক্সি বাডস ৪’ ও ‘বাডস ৪ প্রো’ উন্মোচিত হতে পারে। এগুলোর ডিজাইন হবে নতুন ও এতে মাথা নড়াচড়ার মাধ্যমে কমান্ড দেওয়ার ফিচারও থাকবে। এ ছাড়া এতে ‘আল্ট্রা ওয়াইডব্যান্ড’ চিপ থাকবে, যাতে ‘গুগল ফাইন্ড হাব’-এর মাধ্যমে এগুলো সহজেই খুঁজে পাওয়া যায়।



