নয়া দিগন্ত ডেস্ক
এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই অনেকের কাছে হয়ে উঠছে ভার্চুয়াল সঙ্গী, পরামর্শদাতা, এমনকি আবেগের আশ্রয়ও। অনেকেই বন্ধুর চেয়ে বেশি ভাবতে শুরু করেছেন ভার্চুয়াল এই সঙ্গীকে। আবেক তাড়িত হয়ে প্রেম-প্রণয়ের কথা চিন্তা করছেন। অনেকের প্রেমিকা বা স্ত্রীকে পছন্দ হচ্ছে না। এআইয়ের সেই অদৃশ্য সঙ্গীর জন্য সব আবেগ কাজ করছে। ভেঙে যাচ্ছে সম্পর্ক, ভেঙে যাচ্ছে সংসার।
চ্যাটবট-ভিত্তিক এআই অ্যাপগুলো এখন এমনভাবে তৈরি হচ্ছে, যাতে তারা মানুষের সাথে স্বাভাবিক কথোপকথন চালাতে পারে, অনুভূতি বোঝার মতো প্রতিক্রিয়া দিতে পারে এবং ব্যবহারকারীর মানসিক অবস্থার সাথে খাপ খাইয়ে নিতে পারে। আর তাতেই তৈরি হচ্ছে এক নতুন বাস্তবতা, এআই বন্ধুর সাথে আবেগ, প্রেম কিংবা পরকীয়ার সম্পর্ক।
বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি শুধু প্রযুক্তিগত নয়, এটি ধীরে ধীরে সামাজিক ও মানসিক সমস্যায়ও রূপ নিচ্ছে। কারণ মানুষ যখন বাস্তব সম্পর্কের চেয়ে ভার্চুয়াল সঙ্গীর প্রতি বেশি নির্ভরশীল হয়ে পড়ে, তখন তা ব্যক্তিগত জীবন, দাম্পত্য সম্পর্ক এবং মানসিক স্বাস্থ্যের ওপর বড় প্রভাব ফেলতে পারে। ইন্টারনেট।



