ত্রিপক্ষীয় চুক্তিতে ব্রাদার্সের সমাধান

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

ঢাকা প্রিমিয়ার লিগে ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটারদের ম্যাচ বর্জন এবং দলটির অবনমনের পর সৃষ্ট জটিলতা নিরসনে উদ্যোগী হয়েছেন বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। সমস্যা সমাধানে ক্রিকেটার ও ক্লাব কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠকে বসার কথা জানিয়েছেন। একই সাথে ঘরোয়া ক্রিকেটে পারিশ্রমিক নিয়ে বছরের পর বছর ধরে চলা এই অনিয়ম দূর করতে ভবিষ্যতে ‘ত্রিপক্ষীয় চুক্তি’ (ট্রাইপার্টি কন্ট্রাক্ট) চালুর পরিকল্পনা করছেন, যা তিনি পূর্ণ মেয়াদে বিসিবি সভাপতি নির্বাচিত হলে বাস্তবায়ন করতে চান।

বারবার প্রতিশ্রুতি দিয়েও বকেয়া পারিশ্রমিক পরিশোধ না করায় গত শুক্রবার অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটাররা। মাঠে দল না নামায় বাইলজ বা টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্রতিপক্ষকে জয়ী ঘোষণা করা হয়, যার ফলে প্রিমিয়ার লিগ থেকে সরাসরি অবনমন ঘটে ঐতিহ্যবাহী ক্লাব ব্রাদার্সের। তবে এই কঠোর নিয়মের বেড়াজালেও ক্রিকেটারদের স্বার্থরক্ষায় ইতিবাচক তামিম ইকবাল।

‘ঘটনাটি ঘটার পরপরই ব্রাদার্সের কর্মকর্তা এবং ক্রিকেটারদের সাথে কথা বলেছি। চেষ্টা করব ক্রিকেট বোর্ড, ক্লাব এবং ক্রিকেটারদের নিয়ে একসাথে বসে একটি যৌক্তিক সমাধান বের করার। ক্রিকেটের মঙ্গলের জন্য যদি বোর্ডের সম্মতিতে নিয়মের (বাইলজ) বাইরে গিয়েও কোনো সিদ্ধান্ত নিতে হয়, আমরা সেটিও করার চেষ্টা করব।’

কোয়াব ইতোমধ্যেই খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছে। ব্রাদার্স ইস্যুটি দ্রুত সমাধান করার আশা ব্যক্ত করার পাশাপাশি দীর্ঘমেয়াদি সংস্কারের ওপর জোর দেন তামিম। ‘প্রতি মৌসুমেই কোনো না কোনো দলের বিরুদ্ধে পারিশ্রমিক না দেয়ার অভিযোগ ওঠে। এই সংস্কৃতির বদল ঘটাতে আমাদের ত্রিপক্ষীয় চুক্তি নিয়ে ভাবা উচিত। যেহেতু বিসিবি প্রতি ক্লাবকে ২৫-৩০ লাখ টাকার মতো অনুদান দেয়, তাই এমন সঙ্কট তৈরি হলে বোর্ডেরও সেখানে শক্ত কথা বলার আইনি সুযোগ থাকা উচিত।’